
জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীতে ছিল গা ছাড়া ভাব। তবে গতকাল বুধবার ঢাকার বাইরে হরতাল সমর্থকেরা ছিল মারমুখী।নোয়াখালীর কোম্পানীগঞ্জে হরতাল সমর্থকদের ইটের আঘাতে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় শিবিরের গুলিতে আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল। জয়পুরহাটে এক স্কুটারচালক ও এক ভটভটিচালককে মারধর করে হাত-পা ভেঙে দিয়েছেন জামায়াতের কর্মীরা।ফেনীর দাগনভূঞা থেকে সকাল ছয়টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের তালের চারায় পৌঁছালে পিকেটাররা অতর্কিত হামলা চালায়। তাদের ছোড়া ইটের আঘাতে অটোরিকশাচালক আবু নাছের (৫০) গুরুতর আহত হন। তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু নাছেরের গ্রামের বাড়ি দাগনভূঞার বেতুয়ায়। কোম্পানীগঞ্জের সিরাজপুরে অভিযান চালিয়ে শিবির সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। জামায়াতের নোয়াখালী জেলার সেক্রেটারি আলাউদ্দিন দাবি করেন, আবু নাছের অটোরিকশা চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুকবুলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া-ফুলতলা এলাকায় বেলা ১১টায় শিবিরের কর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে অন্তত সাতটি গুলি করে। এতে পুলিশের কনস্টেবল মো. ইকবাল হোসেন (২৩) ডান হাত ও বুকে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মাহমুদুল ইসলাম জানান, গুলিতে কনস্টেবল ইকবালের ফুসফুস ফুটো হয়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক অস্ত্রোপচারের পর তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে জামায়াতের ১০ কর্মীকে আটক করা হয়েছে।
তবে হরতালে চট্টগ্রাম নগরে জনজীবন ছিল কিছুটা স্বাভাবিক। সকালের দিকে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়তে থাকে।
সীতাকুণ্ড পৌর সদরের পেশকারপাড়া, দোয়াজীপাড়া, দক্ষিণ বাইপাস এলাকা থেকে সকালে মিছিল বের করে শিবির। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের সংঘর্ষে শিবিরের ১৪ কর্মী আহত হয়েছেন।
জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ধুলাতর ক্লাবঘর এলাকায় একটি স্কুটার জ্বালিয়ে দেন শিবিরের কর্মীরা। তাঁরা স্কুটারচালক সোহেল রানাকে (৩৫) নামিয়ে বেদম মারধর করেন। একই এলাকায় সবজিবাহী একটি ভটভটির চালক জুয়েল হোসেন (২৮) নামিয়ে ব্যাপক মারধর করেন। এতে তাঁর ডান পা ও ডান হাতের দুটি আঙুল ভেঙে যায়। এ ছাড়া ভটভটিতে থাকা ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৮) ও তাঁর ভাই আতোয়ার হোসেনকেও (৩১) মারধর করেন শিবিরের কর্মীরা।
ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ বেলা ১১টার দিকে দোহার নবাবগঞ্জ কলেজ থেকে হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিলকারীরা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক ও ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখায় হামলা চালায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ-বিজিবির প্রহরায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী কয়েকটি যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক সাতক্ষীরা শহরে যাচ্ছিল। বহরটি কদমতলায় পৌঁছালে জামায়াতের কর্মীরা হামলা চালিয়ে নয়টি গাড়ি ভাঙচুর করেন। এ নিয়ে সংঘর্ষের সময় শিবিরের কর্মী মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হন। সংঘর্ষে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার রাজনগর, বন্দর ও কাথুলী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে সৃষ্টি করেন জামায়াতের কর্মীরা। এ সময় অনেক শিশু-কিশোরকে হরতাল সমর্থকদের মিছিলে দেখা যায়। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্রও ছিল। পুলিশ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তাহাজ উদ্দিন আহমেদসহ সাতজনকে আটক করেছে।
কুমিল্লার লাকসাম উপজেলার পরানপুর বাজারে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের এসআই রুবেল আফ্রাদ ও কনস্টেবল মাসুদুর রহমানসহ শিবিরের চার কর্মী আহত হন।
সিলেটের টুকেরবাজার এলাকার খুরমখলা ছাত্রাবাসে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিবিরের চার কর্মীকে আটক করে পুলিশ। একই রাতে জামালপুর শহরের নয়াপাড়া এলাকায় আটক হয়েছেন আরও সাতজন। এঁদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমির রশিদুজ্জামান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আছিমুল ইসলাম রয়েছেন।
হরতালে রাজধানী: অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল ভোর থেকেই রাজধানীতে প্রস্তুতি নিয়ে ছিল পুলিশ। সাদাপোশাকের প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন ছিল অলি-গলিতেও। রাস্তায় হরতাল সমর্থকেরা সক্রিয় না থাকায় সকাল থেকেই বাস, হিউম্যান হলার, অটোরিকশাসহ গণপরিবহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম। ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে আশপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জে বাস চলাচল করেছে।
পুরান ঢাকার নয়াবাজার এলাকায় সকালে হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিলটি বাবুবাজার সেতুর দিকে যাওয়ার সময় পুলিশ ফাঁকা গুলি চালায়। এ সময় শিবিরের কর্মীরা ককটেল ফাটিয়েও দুটি বাসের কাচ ভাঙচুর করে পালিয়ে যান। একই সময় ফরাশগঞ্জ এলাকায়ও মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
পিকেটিং করার অভিযোগে দক্ষিণ বনশ্রী এলাকায় দুজন, শান্তিনগর এলাকায় একজন ও পূর্বরাজাবাজার এলাকায় তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। অনেক প্রতিষ্ঠান প্রধান ফটক বন্ধ করে পেছনের বিকল্প পথে গ্রাহকদের সেবা দিয়েছে। বড় বিপণিবিতানগুলো দুপুর পর্যন্ত বন্ধ থাকলেও রাস্তার পাশের দোকানগুলো খোলা ছিল বেশির ভাগ সময়ই। বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান আগের দিনই বন্ধের ঘোষণা দেওয়া হয়।