৩০ হাজার টাকায় একটি গরু কিনে আট মাস ধরে মোটাতাজা করছিলেন নুরুল আলম। উদ্দেশ্য আগামী পবিত্র ঈদুল আজহার সময় বিক্রি করবেন। কিন্তু সেই পর্যন্ত গরুটি রাখা যায়নি। গত শুক্রবার রাতে বন্যার পানিতে ডুবে গরুটি মারা যায়।
নুরুল আলমের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বুমাংখিল গ্রামে। তিনি গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। বন্যার পানিতে ডুবে তাঁর আরও তিনটি গরু ও পাঁচটি ছাগল অসুস্থ হয়ে পড়েছে।
নুরুল আলম প্রথম আলোকে জানান, বন্যার পানিতে ডুবে এই গ্রামের অসংখ্য ছাগল মারা গেছে।
গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী জানান, বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত তাঁর ইউনিয়নে পাঁচটি গরু ও ৭০টির মতো ছাগল মারা গেছে। বিভিন্ন গ্রাম থেকে বন্যার পানি সরে গেলেও বাঁকখালী নদীসহ আশপাশের বহু গ্রামে পানি রয়ে গেছে। বহু মরা ছাগল পানিতে ভাসছে।
রামু উপজেলার মধ্যম মেরংলোয়া গ্রামের অরুণ শর্মা জানান, ২৭ জুন রাতে বন্যার পানিতে ডুবে তাঁর একটি গরু মারা গেছে। ছয় দিন অভুক্ত থেকে আরও তিনটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তিনি জানান, বন্যার পানিতে খেতখামার ও মাঠ ডুবে থাকায় গোখাদ্যের চরম সংকট চলছে।
একই দিন জোয়ারিয়ানালা গ্রামের সাইফুল ইসলামের আরেকটি গরু মারা যায়।
রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপেন চাকমা জানান, উপজেলায় বন্যার কারণে পাঁচ-ছয় হাজার গবাদিপশু অসুস্থ হয়ে পড়েছে।
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামের নজরুল ইসলাম জানান, পানিতে ডুবে তাঁর একটি গরু মারা গেছে।
পিএমখালী গ্রামের লবণচাষি মনছুর আলম জানান, বন্যার পানিতে ভেসে ওই গ্রামের ৩০টির মতো গরু-ছাগল হারিয়ে গেছে। পানিতে দাঁড়িয়ে থেকে কয়েক শ গরু-ছাগল রোগাক্রান্ত হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অজিত কুমার সরদার বলেন, ‘বন্যার পানিতে ডুবে বিভিন্ন স্থানে গবাদিপশুর মৃত্যুর খবর পাচ্ছি। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা মাঠে নেমেছেন। কয়েক দিনের মধ্যে ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যাবে।’ তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পোলট্রি খামারের। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ১৮০টির বেশি খামারের মুরগি মারা গেছে।