মারা গেল দেড় বছরের শিশুটিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা আর নানির মৃত্যু হয়েছে আগেই। আর দেড় বছরের আলিফ মিয়ার চলে যাওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। এই ছোট্ট শরীরের ৯০ ভাগই যে পুড়ে গিয়েছিল গ্যাসের আগুনে। তবুও আলিফের বাবা রমজান মিয়া ছোটাছুটি করছিলেন পরিবারের একমাত্র সদস্যটিকে জীবিত রাখার জন্য।
গত শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাসের আগুনে দগ্ধ তিনজনই একে একে মারা গেছেন। সর্বশেষ গত শনিবার গভীর রাতে দেড় বছরের আলিফের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ আলিফের মা জলি বেগম (২২) ও নানি আকলিমা বেগম (৪২) শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মারা যান।
কামরাঙ্গীরচরের মজিবর ঘাট এলাকার একটি বাসায় শিশুসন্তান আলিফ ও স্ত্রী জলি বেগমকে নিয়ে ভাড়া থাকতেন রমজান মিয়া। রমজান মিয়া ফ্রিজ, এসি মেরামত করেন। নিজে খেটেখুটে ভালোই চালাচ্ছিলেন সংসার। দিনের বেলা বাড়িতে গ্যাস থাকে না। ছোট বাচ্চার জন্য দুধ গরম থেকে শুরু করে অনেক কাজেই চুলা জ্বালাতে হয়। তাই কষ্ট করে হলেও বাড়িতে গ্যাসের সিলিন্ডার কিনেছেন। একেকটি সিলিন্ডারের দাম এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা। সেই সিলিন্ডারই যে এভাবে রমজানের পুরো পরিবারকে একসঙ্গে গিলে খাবে তা কখনোই ভাবেননি তিনি। গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে এভাবেই বিলাপ করছিলেন তিনি। স্বজনেরা থামাবেন কী, একসঙ্গে তিন প্রজন্মের মৃত্যু দেখে সবারই চোখে পানি জমেছে।
স্বজনেরা জানান, গত শনিবার সকালে মেয়েকে দেখতে গিয়েছিলেন জলির মা আকলিমা। ছোট নাতিকে দেখতে তিনি প্রায়ই ওই বাড়িতে যেতেন। বেলা ১১টার দিকে তাঁরা একসঙ্গে রান্না করতে গেলে হঠাৎ দপ করে ঘরময় আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসেন। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে আকলিমা ও রাত সাড়ে ১০টার দিকে জলি মারা যান।
ব্যান্ডেজে মোড়ানো আলিফ মিয়ার ছোট্ট শরীরের নিভু নিভু প্রাণের অস্তিত্ব ছিল রাত দেড়টা পর্যন্ত। শেষ পর্যন্ত রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে গতকালই তাঁদের লাশ নিয়ে গেছেন স্বজনেরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিলিন্ডার বিস্ফোরণ নয়, বরং এর ফুটো দিয়ে আগে থেকেই ছড়িয়ে পড়া গ্যাস থেকে আগুন ধরে। রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।