মারা গেল সেই হাতিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিণছড়া বিট এলাকার কাপ্তাই হ্রদ থেকে ২২ অক্টোবর আহত অবস্থায় এই বুনো হাতিটিকে উদ্ধার করা হয় l ফাইল ছবি
হরিণছড়া বিট এলাকার কাপ্তাই হ্রদ থেকে ২২ অক্টোবর আহত অবস্থায় এই বুনো হাতিটিকে উদ্ধার করা হয় l ফাইল ছবি

১১ দিন বন বিভাগ ও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও বাঁচানো গেল না কাপ্তাই হ্রদ থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা বন্য দাঁতাল হাতিটিকে। গতকাল রোববার বেলা একটায় হাতিটি বন বিভাগের কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বিট এলাকায় চিকিৎসরত অবস্থায় মারা গেছে। বন বিভাগ হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২২ অক্টোবর রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একটি টহল দল কলমিছড়া রেঞ্জের হরিণছড়া বিট এলাকায় হাতিটিকে কাপ্তাই হ্রদে ডুবন্ত অবস্থায় দেখতে পায়। পরে বন্য দাঁতাল হাতিটিকে হ্রদ থেকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাতিটিকে একটি ট্রলারের সঙ্গে বেঁধে অপর একটি ট্রলার দিয়ে প্রায় চার কিলোমিটার দূর থেকে টেনে কাপ্তাই শুকনাছড়ি বিট এলাকায় আনা হয়। এরপর ১১ দিন চিকিৎসা দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হাতিটিকে কোনো শিকারি বা শিকারির দল গুলি করেছে। হাতিটির শুঁড় ও মাথার মাঝামাঝি ও গলার বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে। গুলির আঘাতের ক্ষতে পচন ধরায় দীর্ঘদিন কোনো কিছু খেতে না পেরে হাতিটি দুর্বল হয়ে পড়ে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. আনোয়ার হোসেন সরকার জানান, বিভাগীয় বন কর্মকর্তা মো. শামসুল আজমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হাতিটির চিকিৎসা করা হয়েছে। এর মধ্যে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষকসহ চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে একদল পশুচিকিৎসক ও বিশেষজ্ঞ হাতিটির অবস্থা পর্যবেক্ষণ করেছেন। হাতিটি কোনো কিছু খেতে না পারায় এত দিন স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। হাতিটির বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে বলে এসিএফ জানান।