মারা গেলেও নাম ওঠেনি হামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর কবলে শহরের ভাদুঘর এলাকার বাসিন্দা হামিম (২৩) মারা গেলে ১০ দিনেও তাঁর নাম প্রশাসনের তালিকায় ওঠেনি। এ কারণে সরকারি সহায়তা ২০ হাজার টাকাও পায়নি তাঁর দরিদ্র পরিবার। হামিমের বাবা জাহের মিয়া ও মা খোশ নাহার বেগম গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে তাঁদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। জাহের মিয়া বলেন, ‘২২ মার্চ (শুক্রবার) বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে হামিম ঘর থেকে বের হয়। ওই দিন টর্নেডোর কবলে পড়ে সদর উপজেলার চিনাইর গ্রামে তার মৃত্যু হয়। চিনাইর মোড়ে হামিমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরদিন শনিবার আমরা হামিমের মৃত্যুর খবর জানতে পারি।’হামিমের লাশ উদ্ধারের পর তাঁর মৃত্যু প্রমাণ করার মতো কাগজপত্র জোগাড়ের জন্য স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তি ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন মা-বাবা। তাঁরা প্রথম আলোকে বলেন, ‘পৌর মেয়র, কাউন্সিলর ও সদর হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে মৃত্যুর সনদ নিয়ে সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দেখা করেছি এবং আবেদন করেছি। ইউএনও আমাদের কাগজপত্র রেখে যেতে বলেন।’ইউএনও রিপন চাকমা বলেন, ‘হামিমের মৃত্যুসংক্রান্ত হাসপাতালের স্লিপে “পুলিশ কেইস” লেখা সিল দেওয়া আছে। এ জন্য বিষয়টি পুলিশের কাছে পাঠিয়েছি। হামিমের মৃত্যু কীভাবে হয়েছে, তা পুলিশ নিশ্চিত করলেই ব্যবস্থা নেব।’অবশ্য জেলা প্রশাসক নূর মোহামঞ্চদ মজুমদার গতকাল বলেন, ‘নিহত হামিমের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজই (সোমবার) সিভিল সার্জন আমাকে হামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর পরিবারকে সহায়তা করা হবে।’২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোতে হামিম ছাড়া আরও ৩৪ জনের প্রাণহানি ঘটে। পাঁচ শতাধিক মানুষ আহত হয়। বিধ্বস্ত হয় পাঁচ শতাধিক ঘর।