চলে গেলেন অধ্যাপক নাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য সব দিনের মতোই বিভাগে এসেছিলেন অধ্যাপক মোহাম্মদ নাসের। নিজের চেম্বারে অতিবাহিত করেন কিছুটা সময়। সাড়ে ১১টায় বিভাগের পূর্বনির্ধারিত সভায় যোগ দেওয়ার জন্য বের হন চেম্বার থেকে। দরজায় তালা লাগাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। বিভাগীয় সভার পরিবর্তে সবাই তাঁকে নিয়ে গেলেন হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তিনি মারা গেছেন। মোহাম্মদ নাসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

অধ্যাপক নাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার বাগেরহাট জেলায়। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ে স্ত্রীকে নিয়ে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি কবি মোহাম্মদ রফিকের ছোট ভাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদে আজ বাদ আসর তাঁর প্রথম জানাজা এবং নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বিকেল পাঁচটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নাগরিক সমাজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক বলেন, অধ্যাপক নাসের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

অধ্যাপক নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।