মারা গেলেন সাংবাদিক মিথুন মাহফুজ

দৈনিক আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মিথুন মাহফুজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিথুন মাহফুজ মারা যান। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক ভাই, দুই বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে মিথুন মাহফুজের প্রিয় কর্মস্থল দৈনিক আমাদের সময় চত্বরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ডিআরইউর নেতৃবৃন্দ তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
এরপর সেখান থেকে মিথুন মাহফুজের মরদেহ উত্তরার তাঁর বোনের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ নিয়ে খুলনার পাইকগাছার উদ্দেশে রওনা দেবে তাঁর স্বজনেরা। পাইকগাছায় আগামীকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডিআরইউর স্থায়ী সদস্য মিথুন মাহফুজের মৃত্যুতে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।