মারা পড়ল মিঠা পানির কুমির
মারা পড়েছে একটি কুমির। গত রোববার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এক জেলের জালে কুমিরটি আটকা পড়লে ভীত জেলেরা সেটি পিটিয়ে মেরে ফেলেন।প্রাণী ও পরিবেশ গবেষকেরা বলেছেন, সম্ভবত এটি বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির। জানা গেছে, ইউনিয়নের গোবিন্দপুর চরের কাছে মেঘনা নদীতে মাছ শিকারের সময় এক জেলের জালে আটকা পড়ে কুমিরটি। প্রথমে বড় মাছ ভেবে তাঁরা সেটি তুলতে চেষ্টা করেন। পরে দেখতে পান, আসলে সেটি একটি কুমির। এরপর জেলেরা সেটি দা দিয়ে কুপিয়ে ও বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। ১০ ফুট দীর্ঘ কুমিরটির মৃতদেহ রাতে ওই চরে রাখার পর সোমবার সেটি উপজেলার উলানিয়া বাজারে নিয়ে আসা হয়। সেখানে কুমিরটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমায়। এরপর সেটি স্থানীয় মিল্টন চৌধুরীর বরফকলে রাখা হয়।প্রত্যক্ষদর্শী জেলে মোসলেম ও হারুন জানান, তাঁদের জালে মোট পাঁচটি কুমির আটকা পড়ে। চারটি জাল ছিঁড়ে বেরিয়ে যায়, একটি ধরা পড়ে।প্রাণিবিদদের মতে, এখনো দু-একটি মিঠা পানির কুমির রয়েছে। গ্রামের মানুষের কাছে তথ্য না থাকার কারণেই মরতে হয়েছে কুমিরটিকে। গতকাল মঙ্গলবার কুমিরের ছবিটি দেখে পাখিবিদ শরীফ খান প্রথম আলোকে বলেন, ‘সম্ভবত এটি মিঠা পানির কুমির। যদি তাই হয়, তবে বিশাল প্রশ্ন হলো, এটি এলো কোথা থেকে?’প্রাণী ও পরিবেশ গবেষক সাইফুল আহসান প্রথম আলোকে বলেন, প্রাণী বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে মিঠা পানির কুমির নেই বলে যে প্রচার করা হয়েছিল, সেটি ভুল প্রমাণিত হয়েছে। অবশিষ্ট যে কুমির এখন আছে বলে শোনা যাচ্ছে, তা সংরক্ষণে এখনই উদ্যোগ নেওয়া দরকার।বরিশাল ব্রজমোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে তিন প্রজাতির কুমিরের মধ্যে মিঠা পানির কুমির এখন বিলুপ্ত প্রায়। সরকারের উচিত, জরুরি ভিত্তিতে প্রচার চালিয়ে মিঠা পানির এই বিরল কুমির প্রজাতি রক্ষায় উদ্যোগ নেওয়া।মেহেন্দীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুল হক বলেন, ‘আমি ঘটনা শোনার পরই প্রাণিসম্পদ কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।’ প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই বলেন, ‘আমি ঘটনাস্থলে দুজন কর্মকর্তাকে পাঠিয়েছি। তাঁদের যাওয়ার আগেই কুমিরটি মেরে ফেলা হয়। স্থানীয় বরফকলের একজন মালিক মরা কুমিরটি বরফ দিয়ে রেখেছেন।’