মারা পড়েছে কুমিরের আরও ১৯টি বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের করমজল কুমির প্রজননকেন্দ্রে কুমিরের আরও ১৯টি বাচ্চা মারা পড়েছে। গতকাল রোববার দুপুরে মৃত বাচ্চাগুলোর খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করেছে বন বিভাগ। বন বিভাগের দাবি, বাচ্চাগুলো কোনো হিংস্র মাংসাশী প্রাণীর আক্রমণে মারা পড়েছে।
এর আগে এ কেন্দ্রের দুটি প্যান (কৃত্রিম পুকুর) থেকে গত রবি ও সোমবার দুই দফায় ৪৩টি কুমিরের বাচ্চা নিখোঁজ হয়। এর মধ্যে রোববার কুমিরের দুটি বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। সোমবার সকালে চারটি কুমিরের মৃতদেহ ও তিনটির দেহাবশেষ পাওয়া যায়।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (খুলনা) বন সংরক্ষক মো. জাহিদুল কবির বলেন, গতকাল সকালে প্যানে থাকা কুমিরের বাচ্চাগুলো রুটিন মাফিক দেখভালের সময় ১টি প্যানে ১৬টি ও আরেকটি প্যানে ৩টিকে মৃত দেখা যায়। এগুলো প্যানে বিচ্ছিন্নভাবে ছড়ানো–ছিটানো ছিল। এগুলোর গায়ে কামড় ও আঘাতের চিহ্ন রয়েছে। হিংস্র বন্য প্রাণী আক্রমণ চালিয়ে এ বাচ্চাগুলো হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ দুটি প্যানে থাকা কুমিরের বাকি বাচ্চাগুলো নিরাপদ দূরত্বে অন্য প্যানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই প্যান এলাকায় প্রয়োজনীয়সংখ্যক সিসি ক্যামেরা বসানো হবে।
আগের ৪৩টি কুমিরের বাচ্চা নিখোঁজ ও হত্যার ঘটনার খুলনার দাকোপ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, দ্বিতীয় দফায় ১৯টি কুমির মারা পড়ার ঘটনায় রোববার বিকেলে করমজল কুমির প্রজননকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান দাকোপ থানায় আরও একটি জিডি করেছেন।
এ ব্যাপারে তৌহিদুর রহমান, পূর্ব সুন্দরনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মেহেদীজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।