মারাত্মক দূষণের কবলে ভৈরব নদের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ভৈরব নদের পানিদূষণ বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। তেলের ডিপো, বিদ্যুৎকেন্দ্র ও জাহাজ ধোয়া-মোছার তেল-মবিল, বিভিন্ন কারখানার রাসায়নিক দ্রব্য প্রতিনিয়ত ভৈরবে পড়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দূষণের কারণে দুই পারের অনেক মানুষ এখন ভৈরবের পানি ব্যবহার বন্ধ করে দিয়েছে।খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পরিবেশ বিজ্ঞানী দীলিপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, এসব কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি পরিশোধন ছাড়া ভৈরবে ফেলায় পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। বায়োকেমিক্যাল অক্সিজেন চাহিদা (বিওডি) বেড়ে যাচ্ছে এবং নদের তলদেশে মারাত্মকভাবে অক্সিজেনের ঘাটতির সৃষ্টি হয়ে মাছ মারা যাওয়াসহ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের প্রায় ১৫ লাখের বেশি মানুষের প্রতিদিনের ব্যবহূত পানি, পায়খানার ট্যাংকের দূষিত পানি পয়োনালার মাধ্যমে ভৈরব নদে পড়ছে। নগরের কেন্দ্রীয় কসাইখানা, নদের দুই পারে গড়ে ওঠা পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপো এবং তেলবাহী ট্যাংকার জাহাজ ধোয়ার পানি, খুলনা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও ভাসমান বিদ্যুৎকেন্দ্রের ব্যবহূত তেল-মবিলযুক্ত পানি নদে পড়ছে। এ ছাড়া প্রায় অর্ধশত মৎস্য প্রক্রিয়াজাত কারখানার রাসায়নিক দ্রব্য মেশানো পানি ও বর্জ্য সরাসরি নদে ফেলা হচ্ছে। পরিবেশ আইন অনুযায়ী, নদের পরিবেশ রক্ষার স্বার্থে বর্জ্য ও ময়লা পানি শোধন ছাড়া নদে ফেললে জেল-জরিমানার বিধান রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, সিটি করপোরেশন, পাটকল ও ট্যানারির বর্জ্য পানি শোধনের কোনো ব্যবস্থা নেই। এসব ময়লা পানিতে ব্যাকটেরিয়াসহ রাসায়নিক দ্রব্যের মিশ্রণ থাকছে। একইভাবে মৎস্য প্রক্রিয়াজাত কারখানার বর্জ্যমিশ্রিত পানি নদে ফেলা হচ্ছে।দূষণের কারণে নগরের জেলখানা ঘাট থেকে বিএল কলেজ ঘাট পর্যন্ত দুই পারের অনেক মানুষ ভৈরবের পানি ব্যবহার ছেড়ে দিয়েছে। নগরের কালীবাড়ি ঘাট এলাকার বাসিন্দা শ্যামল রায়, মোমিন, নজরুল, রূপসার আইচগাতি এলাকার বাসিন্দা আবদুল হালিম ও মাহাতাব জানান, এখন ভৈরবে গোসল করলে চুলকানিসহ নানা ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে।যমুনা তেল ডিপোর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক সাকিল আহমেদ বলেন, এখানকার তেল ডিপোগুলোর বর্জ্য, বিশেষ করে তেলমিশ্রিত পানি পরিশোধনের জন্য কোনো আধুনিক ব্যবস্থা নেই। এই বর্জ্য ঠেকাতে হলে উন্নত যন্ত্রপাতি বসানো প্রয়োজন। খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী তপন কুমার ঘোষ বলেন, দূষিত পানি পরিশোধন করে নদে ফেলা হলে ভালো হতো, কিন্তু ব্যয়বহুল বলে এই প্রযুক্তি এখনো খুলনা সিটি করপোরেশন স্থাপন করতে পারেনি। তবে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।পরিবেশ আইনবিদ সমিতির খুলনা বিভাগীয় সমন্বকারী মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ভৈরবের দূষিত পানি সুন্দরবন এলাকায় ছড়িয়ে পড়ছে, যা বনের জীববৈচিত্র্য হুমকির মুখে ফেলে দিয়েছে। এখনই এ ব্যাপারে ব্যবস্থা না নিলে খুলনার ভৈরবেরও ঢাকার বুড়িগঙ্গার মতো ভয়াবহ অবস্থা দাঁড়াবে।খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ভৈরব নদের পানিদূষণ এখনো সহনীয় পর্যায় রয়েছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের প্রায় ৫৪টি মৎস্য প্রক্রিয়াজাত কারখানাকে পরিবেশ ছাড়পত্র দেওয়া আছে। ইটিপি ছাড়া ছাড়পত্র দেওয়া হয়নি। এসব কারখানার বর্জ্য পরিশোধন করে ছাড়ার কথা। যদি কোনো কারখানা তা না করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর বর্জ্য পরিশোধনের ব্যবস্থা রয়েছে। গোপনে বর্জ্য নদে ফেলতে পারে। তবে পরিবেশ অধিদপ্তর থেকে এ ব্যাপারে নজর রাখা হয়েছে।