মারামারি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারামারি আর উন্নয়ন একসঙ্গে চলতে পারে না। যদি উন্নয়ন চান, তাহলে মারামারি পরিহার করতে হবে। আর যদি মারামারি করেন, তাহলে উন্নয়ন পাবেন না।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল শনিবার চট্টগ্রামে এ কথা বলেন। মন্ত্রী গতকাল দুপুরে নগরের বায়েজিদ এলাকায় সিভিও পেট্রোকেমিক্যাল কারখানা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ ও জাসদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মঈনউদ্দিন খান বাদল ছিলেন।
ঈদের পরে বিএনপির তীব্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘শনির পর রবি আসে। আমি সব সময় রবির আশায় থাকি। শুধু রবি নয়, সোমের আশায়ও থাকি। শনিটা যে আসবে, আবার রবিবারও আসবে। কাজেই আমি মনে করি, এগুলো বলার জন্য বলা। রাজনীতিতে অনেক কথাই বলা হয়।’
পরিকল্পনামন্ত্রী গতকাল দুপুরে বায়েজিদ এলাকায় সিভিও পেট্রোকেমিক্যাল কারখানা পরিদর্শন করে কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়ে তিনি বলেন, ডিজেল উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এ জন্য জার্মানির প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।
কারখানা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাবিব উল্লাহ।