মারামারির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিপণন বিভাগের শিক্ষার্থীদের ওপর ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ব্যাংকিং বিভাগের চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।  এ ছাড়া আরও ছয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী এ সিদ্ধান্ত নেন।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আছেন ব্যাংকিং বিভাগের ১৬তম ব্যাচের শাহরিয়ার কবির। তাঁকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। ১৯তম ব্যাচের মাহফুজুর রহমান ও ১৮তম ব্যাচের সজীব হোসেন। তাঁদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। আর তিন মাসের জন্য বহিষ্কার করা হয় ১৭তম ব্যাচের তুলিপ খানকে।

এ ছাড়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ব্যাংকিং বিভাগের ১৯তম ব্যাচের ইমতিশার, শফিউল্লাহ, কায়েস ও মাসুদকে, মার্কেটিং বিভাগের ১৫তম ব্যাচের প্রলয় এবং টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের আদিত্য নন্দীকে। তাঁদের কেন বহিষ্কার করা হবে তা ১৫ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

প্রক্টর আমজাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘যাদের বহিষ্কার করা হয়েছে তারা ঘটনার শুরু থেকে মারামারিতে সরাসরি জড়িত ছিল। এ ছাড়াও দু্-একজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তী সময় শনাক্ত করা সম্ভব হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

২৫ জুলাই লিফটে ওঠাকে কেন্দ্র করে অনুষদের বিপণন বিভাগের ১৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে ব্যাংকিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে বিপণন বিভাগের ইব্রাহিম, রায়হান ও সুকান্ত গুরুতর আহত হন। তাঁদের মধ্যে সুকান্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন।

ঘটনার দিনই ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আকরাম হোসেনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গতকাল তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রক্টর আজ এ সিদ্ধান্ত নেন।