নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনায় দুই পক্ষকেই দায়ী করে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন গত রোববার রেজিস্ট্রার কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে দুই পক্ষের ২৫ শিক্ষার্থীকে সহিংস ঘটনার জন্য অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।গতকাল সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা স্বীকার করেন কমিটির প্রধান মো. বিল্লাল হোসেন। তবে, তিনি প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশের পাশাপাশি হল প্রশাসনের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তদন্তে বর্তমান প্রশাসনের নানা দুর্বল দিক উঠে আসে বলে সূত্র জানায়।এ বিষয়ে যোগাযোগ করলে রেজিস্ট্রার মমিনুল হক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২০ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রলীগের নেতা আবদুল হামিদ ওরফে বাপ্পি ও সাইদুজ্জামান ইভানের পক্ষের প্রথমে হাতাহাতি, পরে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও ছাত্রদের হলে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়।