বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ব্যাচের ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। একই সঙ্গে গতকাল শনিবার মারামারির সঙ্গে জড়িত নবম ও একাদশ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেননি।বুধবার মধ্যরাতে একাদশ ব্যাচের শিক্ষার্থীদের বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে নবম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসে দুটো ব্যাচই আলাদাভাবে অবস্থান নেয়। রেজিস্ট্রার এ কে এম মাসুদ বলেন, সকাল (গতকাল) ১০টার দিকে একাদশ ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এরপর উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনা করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। তবে নবম ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় সাড়া দেননি। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এম এন নবিউল ইসলাম বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত ১৪ ছাত্রের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করেন। তাঁরা হলেন তড়িৎকৌশল বিভাগের অনিক মহুরী, পুরকৌশল বিভাগের আজিম, শাওন, মেহেদী, অঙ্কুর, জাহিদ ও শামীম নূর, যন্ত্রকৌশল বিভাগের শাফায়েত, সাকিব, ফয়সাল ও শিহাব, বস্তু ও ধাতবকৌশল বিভাগের অন্তর এবং কম্পিউটার কৌশলের রায়হান।এদিকে পুরকৌশল বিভাগের নবম ব্যাচের ছাত্র শাওন পালিত বাদী হয়ে গতকাল একাদশ ব্যাচের ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিরা হলেন যন্ত্রকৌশল বিভাগের শুভ্রজোতি, আবু আনাস সুভম, আহসানউল্লাহ, মাহমুদ, তড়িৎকৌশল বিভাগের প্রতীক, পুরকৌশল বিভাগের অনির্বাণ ও তানভীর, নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের শাওন ও সাগর, পুরকৌশল বিভাগের রায়হান এবং কম্পিউটার কৌশল বিভাগের রাতুল।চকবাজার থানার এস আই মামলার কথা নিশ্চিত করেছেন।