মারামারির মামলায় কারাগারে জাতীয় পার্টির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারামারি ও অগ্নিসংযোগের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টির মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় রামগতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছেরকেও কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনির হোসেন এ আদেশ দেন।
আজাদ উদ্দিনের আইনজীবী রহমত উল্যাহ বলেন, ২০১৩ সালে রামগতির আসলপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বাদী হয়ে মারামারি ও অগ্নিসংযোগের একটি ঘটনায় আজাদ উদ্দিন চৌধুরী, আবু নাছেরসহ ৮৩ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় গতকাল আদালতে জামিনের জন্য আবেদন করেন তাঁরা। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় দীর্ঘদিন তাঁরা জামিনে ছিলেন।
আবু নাছেরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল দুপুরে আলেকজান্ডার বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।