মারিশ্যা-দীঘিনালা সড়ক খানাখন্দে ভরা, ঝক্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র মারিশ্যা-দীঘিনালা সড়কটি। যোগাযোগের জন্য বিকল্প মাধ্যম না থাকায় প্রতিদিন গড়ে প্রায় দেড় লাখ মানুষ ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে।এলাকাবাসীর অভিযোগ, উপজেলা থেকে বাইরে যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম এ সড়কটি। বর্তমানে চরম ঝুঁকি নিয়ে রাস্তায় যান চলাচল করছে। উপজেলা সদর থেকে বটতলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। রক্ষাদেয়াল না থাকায় আট-দশটি স্থানে সড়কের মাটিও সরে যাচ্ছে। এ ছাড়া দুই কিলো, তিন কিলো, চার কিলো ও নয় কিলো এলাকায় রয়েছে বড় বড় কয়েকটি ভাঙন।উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী মারিশ্যা থেকে দীঘিনালা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরু করে। পরে ২০০৩ সালে সড়ক ও জনপথ বিভাগের কাছে সড়কটি হস্তান্তর করা হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই সড়কের দুরবস্থা দেখা দিলে গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ডাক দেয় খাগড়াছড়ি বাস ও জিপ মালিক সমিতি। পরে ১৩ সেপ্টেম্বর থেকে শুধু বড় ভাঙন ও গর্তগুলো ভরাট করা হয়।বাসচালক মো. ইদ্রিস আলী বলেন, সড়কজুড়ে খানাখন্দে ভরা। বিভিন্ন স্থানে বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। সড়কের চার কিলো ও সাত কিলো এলাকায় রক্ষাদেয়াল না থাকায় মাটিও সরে যাচ্ছে। ওসব এলাকা দ্রুত মেরামত করা না হলে একমাত্র সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাবে।বাঘাইছড়ি এলজিইডির প্রকৌশলী মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার অংশে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যাবে।খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘সড়কটির জন্য একটি প্রকল্প দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু করা হবে। আশা করছি আগামী বর্ষার আগে কাজ শুরু করতে পারব।’বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘উপজেলার বাইরে যাওয়ার একমাত্র দীঘিনালা-মারিশ্যা সড়কটির অবস্থা নাজুক। সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।’