মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়ক সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি বাস ও জিপ মালিক সমিতি বন্ধ করে দিয়েছে। গতকাল সোমবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা সদর থেকে বটতলা পর্যন্ত ১০ কিলোমিটার অংশে গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল সকালে শান্তি পরিবহন ও লোকাল বাস বাঘাইছড়ি থেকে ছাড়লেও শহর থেকে কোনো গাড়ি আসেনি। স্থানীয়ভাবে জিপ (চাঁদের গাড়ি) দুই একটি চলাচল করতে দেখা গেছে। বাস চলাচল না করায় যাত্রীরা দুর্ভোগে পড়ে। বটতলা এলাকার যাত্রী সুমেন চাকমা বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত গাড়ির অপেক্ষায় ছিলাম। দু-একটা জিপ চলাচল করলেও কোনো বাস চলাচল করেনি।’ বাসচালক মো. রহমান বলেন, ‘মারিশ্যা-দীঘিনালা সড়কে গাড়ি চলাচলের কোনো পরিবেশ নেই। গর্ত ও ভাঙনে পড়ে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমার জানামতে, গত দুই দিনে সাতটি ট্রাক ও বাস নষ্ট হয়ে গেছে।’ রাঙামাটি এবং খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন বলেন, ‘মারিশ্যা-দীঘিনালা সড়কটি খারাপ শুনেছি, কিন্তু দেখি নাই। কাল (আজ মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখে জরুরি ভিত্তিতে সংস্কার করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের সমন্বয় সভায় আলোচনা হয়েছে। আসলে ওই সড়কটি খাগড়াছড়ি জেলার নিয়ন্ত্রণে। সেখানে কোনো প্রকৌশলী না থাকায় আমাকে অতিরিক্তি দায়িত্ব পালন করতে হচ্ছে।’ রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট ও বাঘাইছড়ির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমদ বলেন, ‘শুনেছি মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলব। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে।’