মারিশ্যা ব্যাটালিয়নের মামলার বিচার ১০ জানুয়ারি পর্যন্ত মুলতবি
বিডিআর বিদ্রোহের ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে করা মামলায় গতকাল মঙ্গলবার আরও দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণের পর বিচার কার্যক্রম ২০১১ সালের ১০ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪-এ গতকাল সকাল সাড়ে নয়টায় বিচারকাজ শুরু হয়। মাঝে ২৫ মিনিট বিরতি দিয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মোস্তফা আল মামুন। বাদীপক্ষের কৌঁসুলি ছিলেন লে. কর্নেল শামীমুর রহমান। তাঁকে সহযোগিতা করেন বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন ও রেজাউল করিম। আসামিদের সহায়তাকারী (ফ্রেন্ড অব অ্যাকিউজড) ছিলেন মেজর এনামুল করিম। আসামিদের আইনি পরামর্শ দেন বেসামরিক আইনজীবী কাজী বশির আহমেদ ও স ম আবদুর রব।আদালতের কার্যক্রমের শুরুতে সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম কৌঁসুলি শামীমুর রহমানের কাছে সব আসামি উপস্থিত আছেন কি না জানতে চান। এ সময় কৌঁসুলি সব আসামি উপস্থিত আছেন বলে জানান। এরপর সভাপতি বলেন, ‘এ আদালতে এটিই আমার শেষ কার্যদিবস। পরে যিনি বিডিআরের মহাপরিচালক হবেন, তিনিই এ আদালতের সভাপতি হবেন।’ গতকাল বিডিআরের দুই জওয়ান তাঁদের সাক্ষ্যে গত বছরের ২৬ ফেব্রুয়ারি মারিশ্যা ব্যাটালিয়নে বিদ্রোহ সংঘটনের বর্ণনা দেন। এ নিয়ে এই মামলায় ১০ জন বেসামরিক ব্যক্তিসহ ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষীদের সাক্ষ্য দেওয়ার ফাঁকে আদালতের সভাপতি কয়েকজন আসামির নাম ধরে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা জানতে চান। এ সময় কয়েকজন আসামি সাক্ষ্য মিথ্যা বলে উল্লেখ করেন। তবে সাক্ষীরা বলেন, তাঁদের সাক্ষ্য সম্পূর্ণ সত্য।