মারিশ্যায় আরও ছয়জনের সাক্ষ্যগ্রহণ আদালত ৩ মে পর্যন্ত মুলতবি
রাঙামাটির মারিশ্যা ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল বৃহস্পতিবার আরও ছয়জন সাক্ষ্য দিয়েছেন। এ সময় আসামিরা সাক্ষীদের জেরা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৩ মে পর্যন্ত আদালত মুলতবি করা হয়।গতকাল সকাল সাড়ে আটটায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে রাঙামাটি সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ শুরু হয়ে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে। তাঁকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মুস্তফা আল মামুন।আর বাদীপক্ষের কৌঁসুলি লে. কর্নেল শামীমুর রহমানকে সহায়তা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন ও আইনজীবী মহিউদ্দিন দেওয়ান। আসামিদের পক্ষে কৌঁসুলি (ফ্রেন্ডস অব অ্যাকিউজড) ছিলেন বিডিআর কর্মকর্তা মেজর এনামূল করীম এবং বেসরকারি আইনজীবী কাজী বশীর আহমেদ এবং এ এস এম আবদুর রউফ।গতকাল সাক্ষী ও আসামিদের জেরার সময় নিউলংকর ক্যাম্পের সাক্ষী সিগন্যালম্যান হারুনুর রশীদ ও আসামি সিপাহি কুতুব উদ্দিনের মধ্যে ঘটনার দিন ২৬ ফেব্রুয়ারি লগবুক (বিভিন্ন দায়িত্ব বণ্টনের তালিকা) লেখা নিয়ে যুক্তিতর্ক হয়। এ সময় প্রমাণ হিসেবে লগবুক আদালতে উপস্থাপন করা হয়। লগবুকের লেখা দুজনই নিজেদের বলে দাবি করেন। এ সময় আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অন্যায় রায় দেওয়া হবে না।আদালত বসার শুরুতে মারিশ্যা ব্যাটালিয়নের অধীন দোসর ক্যাম্পের মো. আবু জাফর ৭৫ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। এরপর একে একে ক্যাম্পের নায়েক মশিউর রহমান ও ল্যান্স নায়েক সিগন্যালম্যান মাহমুদুর রহমান এবং নিউলংকর ক্যাম্পের ইমাম হোসেন, নায়েক সুবেদার মোস্তফা মিয়া ও সিগন্যালম্যান মো. হারুনুর রশীদ সাক্ষ্য দেন। এ নিয়ে মারিশ্যা ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় পাঁচ কর্মকর্তাসহ ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো। মামলার মোট সাক্ষী ৮৫ জন। বিডিআর কর্মকর্তা ও জওয়ান ছাড়াও স্থানীয় কয়েকজনকে মামলার সাক্ষী করা হয়েছে বলে জানা গেছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ঢাকাসহ সারা দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর সারা দেশে বিডিআর ব্যাটালিয়ন ও সেক্টরে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। রাঙামাটির রাজনগর ও মারিশ্যায় দুটি মামলা হয়।