রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় আরও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট ৫৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো। গতকাল মঙ্গলবার বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫-তে এ সাক্ষ্য নেওয়া হয়। আগামী শনিবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে।এদিকে ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় পুলিশের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ সদস্যের বিরুদ্ধে করা মামলার কৌঁসুলি লে. কর্নেল মনির হোসেন আদালতকে জানান, মামলায় আর কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণের প্রয়োজন নেই। যেসব সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণে তা যথেষ্ট। আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআরের চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমন। ফেনীর জেলা ও দায়রা জজ আদালতে গতকাল অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য ছিল। সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহমেদ আদালতকে জানান, আইন মন্ত্রাণালয়ের সীমান্ত শাখা-১-এর কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তিনি মামলার প্রস্তুতি নিতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন ২৭ ফেব্রুয়ারি।২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারির বিদ্রোহের ঘটনায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ৬৪ জনের বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা করেন।