রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৭৫ সদস্যের বিরুদ্ধে করা বিডিআর আইনের মামলার রায়ের তারিখ আগামী ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। গতকাল সোমবার বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ রায় দেন।আদালতের কার্যক্রম গতকাল সকাল নয়টায় শুরু হয়। চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান।শুরুতে কৌঁসুলি ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির হাসান সাক্ষীদের সাক্ষ্যের সারমর্ম তুলে ধরে বক্তব্য দেন। আসামিরা সবাই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি দাবি করেন। পরে আসামিদের মধ্যে ৭২ জন নিজেদের নির্দোষ দাবি করেন এবং সেপাই ফাইজুল ইসলাম ও মঞ্জুর হোসেন দোষ স্বীকার করে আদালতে লিখিত বক্তব্য জমা দেন। এরপর ৫ ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।মামলার আসামিদের মধ্যে একজন হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।