মারুফ চিনু আর নেই
সাবেক ছাত্রনেতা, সাংবাদিক ও শিক্ষক মারুফ চিনু গত রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ওই দিন বিকেলে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।মারুফ চিনুর বয়স ছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ চিনু অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি ঢাকায় ফিরে আসেন। গত বৃহস্পতিবার অসুস্থতা অনুভব করলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে তিনি মারা যান।আশির দশকে স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মারুফ চিনুর সাংবাদিকতা শুরু হয় সাময়িকী প্রজন্ম-এর মাধ্যমে। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ-এর সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। এরপর তিনি কিছুদিন দৈনিক আমাদের সময়-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। কয়েক বছর আগে তিনি ঢাকার শেখ বোরহানুদ্দীন কলেজে অধ্যক্ষের দায়িত্ব নেন।রংপুরে জন্ম নেওয়া মারুফ চিনু ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বাসদ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। মারুফ চিনুর একটি ছড়ার বই ও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।