মারুফ জামানকে নিয়ে উদ্বিগ্ন সাবেক কূটনীতিকেরা

সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান নিখোঁজ হওয়ার ব্যাপারে সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফর্মার অ্যাম্বাসেডরস (এওফা) গভীর উদ্বেগ জানিয়েছে। সাবেক কূটনীতিকেরা তাঁদের সহকর্মীকে দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।
গত শনিবার এওফার বার্ষিক সাধারণ সভায় মারুফ জামানের বিষয়ে গৃহীত এক প্রস্তাবে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
ওই সভায় উপস্থিত একাধিক কূটনীতিক গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, সমিতির এক সদস্য সম্প্রতি মারুফ জামানের নিখোঁজ হওয়ার বিষয়টি আলোচনায় তোলেন। সাবেক এক কূটনীতিক নিখোঁজ হওয়ার কয়েক দিন পরও তাঁর খোঁজ না পাওয়াটা উদ্বেগের বলে তিনি মন্তব্য করেন। এ নিয়ে তিনি এওফার পক্ষ থেকে একটি প্রস্তাব নেওয়ার কথা বলেন। পরে সমিতির অন্য সদস্যরা প্রস্তাবটিতে সম্মতি দেন।
প্রস্তাবে বলা হয়, মারুফ জামান যেভাবে নিখোঁজ হয়েছেন, তাতে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। সহকর্মী নিখোঁজ হওয়ায় তাঁরা মারুফ জামানের পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মারুফ জামানকে খুঁজে বের করার চেষ্টা করবে। মারুফ জামান সুস্থভাবে তাঁর পরিবারের কাছে ফিরবেন, এটাই তাঁর সহকর্মীদের প্রত্যাশা।
এ বিষয়ে এওফার কেউ প্রথম আলোর কাছে উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে চাননি।
এওফার বার্ষিক সাধারণ সভায় সভাপতি হয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব সি এম শফি সামি। সমিতির মহাসচিব নির্বাচিত হয়েছেন বিআইআইএসএসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদ।
এদিকে মারুফ জামানের মেয়ে সামিহা জামান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত রোববার একজন পুলিশ কর্মকর্তা তাঁর বাবার টুইটার অ্যাকাউন্ট আছে কি না, জানতে চেয়েছেন। তবে তিনি কোথায় কীভাবে আছেন, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি।
সামিহা বলেন, টুইটার অ্যাকাউন্ট থাকলেও তাঁর বাবা টুইটারে খুব সক্রিয় ছিলেন না। কাউকে কাউকে টুইটারে ফলো করতেন। সংবেদনশীল কোনো বিষয়ে পোস্ট দিয়েছেন, এমন খবর তাঁর জানা নেই।
৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলজিয়াম থেকে আসা মেয়েকে আনতে নিজে গাড়ি চালিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে বের হন মারুফ জামান। রাত পৌনে আটটার দিকে তিনি বাসায় ফোন করে (ল্যান্ড ফোন) গৃহকর্মীকে বলেন, বাসায় কেউ গেলে তাঁকে যেন কম্পিউটার দিয়ে দেওয়া হয়। রাত আটটার দিকে সুঠামদেহী তিন ব্যক্তি বাসায় এসে তাঁর ল্যাপটপ, কম্পিউটারের সিপিইউ, একটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যান। এ সময় বাসায় তল্লাশিও করেন তাঁরা।
মারুফ জামান নিখোঁজ হওয়ার পরদিন ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ছোট ভাই রিফাত জামান। এরপর ওই দিনই পুলিশ মারুফ জামানের গাড়িটি খিলক্ষেতের ৩০০ ফুট সড়কের পাশ থেকে উদ্ধার করে।