মারুফ মুকতাদির মারা গেছেন

কম্পিউটার প্রকৌশলী মারুফ মুকতাদির প্যানক্রিয়াস ও কিডনি–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।
ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মারুফ মুকতাদির নীলাভ টেকনোলজিস লিমিটেড কোম্পানিতে যোগ দেন। তিনি সেখানে প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
শিল্পী আবদুল মুকতাদির ও দিলারা বেগমের সন্তান মারুফ মুকতাদির চার ভাইবোনের মধ্যে ছোট। তিনি স্ত্রী কাজী নাদিরা হেলেন ও আড়াই বছর বয়সী পুত্র মুক্ত মুকতাদির, দুই ভাইবোন এবং অসংখ্য স্বজন ও বন্ধু রেখে গেছেন।
ধানমন্ডির বায়তুল আমান মসজিদে বাদ জুমা জানাজা শেষে মারুফ মুকতাদিরের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মারুফের আত্মার শান্তি কামনায় দোয়া প্রার্থনা করছে তাঁর পরিবার।