মার্কস অলরাউন্ডার চট্টগ্রাম জোন-২ এর প্রতিযোগিতা
মার্কস অলরাউন্ডারের চট্টগ্রাম জোন-২-এর পর্ব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিভা যাচাইয়ের এ প্রতিযোগিতায় চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
চট্টগ্রামের হালিশহরে অবস্থিত সিলভার বেল্স বালিকা উচ্চবিদ্যালয়ে চট্টগ্রাম জোন-২-এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জোন-১-এর মতো এ জোনেও চট্টগ্রাম নগরের প্রায় ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা সাতটি বিষয় ছিল। এগুলো হচ্ছে চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, অভিনয়, গান, গল্প বলা, কুইজ এবং উপস্থিত বক্তৃতা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উভয় বিভাগ থেকে ৫০ জন করে বিজয়ী হয়েছেন ১০০ জন। এই বিজয়ীরা পরবর্তী রাউন্ডে অংশ নেবে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের পরামর্শক তাসনিম আলম করিম। এ ছাড়া অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জোন-৩-এর প্রতিযোগিতার আগামী শুক্রবার নগরের নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।