মার্কিন আন্ডার সেক্রেটারি আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রাজনীতি-বিষয়ক পরবর্তী আন্ডার সেক্রেটারি টম শেনন আজ রোববার সকালে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এই সফরে দুই দেশের রাজনীতি, সুশাসন, সহিংস উগ্রবাদ দমন ও নিরাপত্তা পরিস্থিতিসহ চলমান সম্পর্ক নিয়ে আলোচনা হবে।
টম শেননের সফরসঙ্গী হয়ে ঢাকায় আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত সিং।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিনে টম শেনন আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে দুপুরে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন।
দুই দিনের এ সফরের সময় মার্কিন আন্ডার সেক্রেটারি নাগরিক সমাজ, শ্রমিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (ইউএসএইড) অর্থায়নে পরিচালিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
বাংলাদেশ সফর শেষে কাল সোমবার টম শেননের শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে।