মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন আজ ঢাকায় আসছেন
মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি-বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন। ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করবেন তিনি। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় ওয়েন্ডি শারমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্ট জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা, সুশীল সমাজ, নারীর ক্ষমতায়ন, উন্নয়ন-সহায়তা এবং অর্থনৈতিক সমৃদ্ধিসহ বেশ কিছু বিষয়ে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে।আন্ডার সেক্রেটারি শারমেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং দৈনন্দিন সার্বিক আঞ্চলিক ও দ্বিপক্ষীয় নীতির বিষয়গুলোর ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে শপথ নেন ওয়েন্ডি শারমেন।