মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন ঢাকায় আসছেন ৫ এপ্রিল
রাজনৈতিক বিষয়সংক্রান্ত মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন আগামী ৫ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান। তিনি এ দিন বিকেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন।বর্তমান সরকারের আমলে শারমেনের সফরটি হবে যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ পর্যায়ের সফর। পদমর্যাদার দিক থেকে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় ব্যক্তি। মজীনা বলেন, বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি গ্রামীণ ব্যাংক কিংবা ব্র্যাকের কার্যক্রম দেখতে যাবেন শীর্ষ এ মার্কিন কর্মকর্তা। এদিকে দীপু মনির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হয়েছে।