মার্কিন আন্ডার সেক্রেটারি জুডিথ ম্যাকেহল আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাবলিক ডিপ্লোমেসি ও পাবলিক অ্যাফে-য়ার্স-বিষয়ক আন্ডার সেক্রেটারি জুডিথ এ ম্যাকেহল আজ শনিবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। ঢাকা সফরের সময় তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে দেখা করবেন।মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত এক বছরে ওবামা প্রশাসনের যত কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন, জুডিথ ম্যাকেহল তাঁদের মধ্যে সর্বোচ্চ পদের অধিকারী।মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ফুলব্রাইট বৃত্তিসহ আরও যেসব শিক্ষামূলক বৃত্তি (এডুকেশনাল ও কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম) কর্মসূচি রয়েছে, ম্যাকেহল সেগুলোর দায়িত্বে নিয়োজিত রয়েছেন।পররাষ্ট্র দপ্তরে যোগ দেওয়ার আগে জুডিথ ম্যাকেহল ‘ডিসকভারি কমিউনিকেশনস’-এর সাবেক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ‘ডিসকভারি’তে কাজ করার সময় আন্ডার সেক্রেটারি ম্যাকেহল যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে বিভিন্ন উদ্ভাবনীমূলক শিক্ষা ও উন্নয়ন কর্মসূচিবিষয়ক উদ্যোগ চালু করেন। এগুলোর মধ্যে রয়েছে ‘ডিসকভারি চ্যানেল গ্লোবাল এডুকেশন পার্টনারশিপ’; যা আফ্রিকার গ্রামীণ অঞ্চলে, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২০০টি বিদ্যালয় ও কমিউনিটি সেন্টারগুলোর পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে বিভিন্ন শিক্ষা কর্মসূচি এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে।