মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টেইনবার্গ ২২ এপ্রিল ঢাকা আসছেন
যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী জেমস বি স্টেইনবার্গ ২২ এপ্রিল বাংলাদেশ সফরে যাচ্ছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফর চূড়ান্ত করাই হবে তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য।সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন স্টেইনবার্গ। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পর তিনি হচ্ছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি। মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্র জানায়, হিলারি ক্লিনটনের ঢাকা সফর চূড়ান্ত করাই হবে তাঁর সফরের অন্যতম উদ্দেশ্য। সূত্র আরও জানায়, প্রেসিডেন্ট বারাক ওবামাও বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছাবিনিময় ছাড়াও হিলারি ক্লিনটন ও ওবামার বাংলাদেশ সফরের বিষয়ে কথা বলতে পারেন স্টেইনবার্গ। এ ছাড়া সন্ত্রাসবিরোধী বিভিন্ন উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কীভাবে সাহায্য করতে পারে—এ বিষয়টি হবে আলোচনার অন্যতম বিষয়বস্তু।