মার্কিন কংগ্রেসম্যান পোশাক কারখানা পরিদর্শনে ঢাকায়
তৈরি পোশাক কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ সদস্য জর্জ মিলার ঢাকায় এসেছেন। গতকাল শনিবার ঢাকায় পৌঁছান তিনি। খবর ইউএনবির।মিলার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শনকালে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের আত্মীয়স্বজন ও আহত শ্রমিকদের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে তাঁর। এ ছাড়া তিনি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সাভারে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে এক হাজার ১২৭ জন পোশাকশ্রমিক নিহত হওয়ার পর মিলারই প্রথম মার্কিন কংগ্রেস সদস্য হিসেবে এ দেশ সফর করছেন। ওই দুর্ঘটনার পর থেকে পোশাকশ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করে আসছে।ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী কংগ্রেস সদস্য মিলার যুক্তরাষ্ট্রের যেসব নামী ব্র্যান্ড বাংলাদেশের তৈরি পোশাক নেয়, তাদের ওপর কারখানা ভবন তৈরিতে নীতিমালা মেনে চলা ও অগ্নিনিরাপত্তা-বিষয়ক বাধ্যবাধকতা চুক্তিতে সই করার জন্য চাপ সৃষ্টি করছেন। এ সময়ের মধ্যে বিশ্বের ৩১টির বেশি কোম্পানি এ চুক্তিতে সই করেছে।