মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত উত্তেজনা প্রশমনসহ রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান চায় যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে দেশটি সেখানকার সাম্প্রতিক দাঙ্গার পর রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের নীতিগত অবস্থান জানতে চেয়েছে।সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনায় এ বিষয়গুলো তুলে ধরেছে। মার্কিন কর্মকর্তারা কক্সবাজার জেলার দুই শরণার্থী শিবিরসহ মিয়ানমার সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। শরণার্থী শিবিরসংলগ্ন এলাকায় তিন বিদেশি এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করা সম্পর্কেও জানতে চেয়েছেন তাঁরা। তিন দিনের মিয়ানমার সফর শেষে চার সদস্যের উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলটি গতকাল ঢাকায় আসে। এ দলে রয়েছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মুখ্য উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী জো ইয়ুন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আয়ার্স, জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেলি ক্লিমেন্টস এবং গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ড্যান বায়ের। গতকাল বিকেলে মার্কিন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে দেখা করেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘মার্কিন কর্মকর্তারা রাখাইন রাজ্য সফর করে সেখানকার পরিস্থিতি দেখেছেন। এ ছাড়া মিয়ানমারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা। এ বিষয়গুলো আমাকে জানিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বাংলাদেশের নীতিগত অবস্থান জানতে চেয়েছেন।’এর আগে মার্কিন প্রতিনিধিদলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ, আমেরিকা ও সন্ত্রাসবাদ দমন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মহাপরিচালকের সঙ্গে বৈঠক করে প্রতিনিধিদলটি। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিসিয়া আয়ার্স সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে মিয়ানমার সফর করেছি। সরেজমিনে পরিস্থিতি দেখতে এখন বাংলাদেশে এসেছি। এ সফরের মূল উদ্দেশ্য হলো, দীর্ঘস্থায়ী মানবিক সহায়তা দানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান করা।’এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানের ওপর জোর দেন। বাংলাদেশ থেকে শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়াকে তাঁরা সমর্থন করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইন প্রদেশে বিনিয়োগ করা গেলে ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক জীবনের পরিবর্তন আসবে। তাই মার্কিন সরকারকে অঞ্চলটিতে বিনিয়োগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বৈঠকে অংশ নেওয়া অন্য এক কর্মকর্তা জানান, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় মেদসা সঁ ফ্রতিয়েখ (এমএসএফ), অ্যাকশন কন্ত লা ফেইম এবং মুসলিম এইড ইউকে—এই তিনটি এনজিওর কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধিদলটি জানতে চেয়েছে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কেন ও কোন প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি জানানো হয়েছে।