মার্কিন তরুণদের উদ্যোক্তা হতে বললেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বক্তব্য দেন ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের চাকরির বদলে নিজেদের সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গত শনিবার সান ডিয়েগোতে এই বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসের শিক্ষার্থীদের সম্মিলিত সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।
১০ হাজারের বেশি শিক্ষার্থীর সনদ গ্রহণ অনুষ্ঠানে চাকরির পেছনে ছোটাকে একটি কৃত্রিম অর্থনৈতিক ব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকা ‘নিয়োগের স্বৈরাচার’ বলে আখ্যা দেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘তোমাদের সামনে একটি বিশাল পৃথিবী অপেক্ষা করছে। তোমাদের প্রত্যেকের ভেতরে অপরিসীম ক্ষমতা রয়েছে। তোমরা যদি শুধু নিজেদের জন্যও এই ক্ষমতা ব্যবহার করো, তোমরা এর সামান্যই কাজে লাগাতে পারবে। তাই নিজেদের দেখাশোনার পাশাপাশি তোমরা গোটা পৃথিবীর দায়িত্বও নাও না কেন?’ তিনি আরও বলেন, তরুণেরা বরাবরই অর্থপূর্ণ কিছু করতে চায়, কিন্তু সে সুযোগ তারা সব সময় পায় না।
সমাবর্তন বক্তব্য দেওয়ার আগে ড. ইউনূসকে আনুষ্ঠানিকভাবে ‘উপাচার্য পদক’ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রদীপ খোসলা। ১৯৬০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এ নিয়ে ১১ জনকে এই পদক প্রদান করা হলো। বিজ্ঞপ্তি।