মার্কিন তিন কারাগারে বাংলাদেশিদের অনশন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে আটক ৪৬ জন বিদেশি নাগরিক, যাঁদের অধিকাংশই বাংলাদেশের, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আটক কেন্দ্রে অবিলম্বে মুক্তির দাবিতে তাঁরা অনশন চালিয়ে যাচ্ছেন। গত সোমবার ছিল তাঁদের অনশনের পঞ্চম দিন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও আইন প্রয়োগ সংস্থা (আইস) এক লিখিত বিবৃতিতে প্রথম আলোকে জানিয়েছে, অ্যালাবামা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তিনটি ভিন্ন আটক কেন্দ্রে অবস্থানরত এসব বন্দী সব ধরনের খাদ্য গ্রহণে অসম্মতি জানিয়েছেন।
আইস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দীদের শারীরিক অবস্থা তারা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। যে তিনটি কেন্দ্রে তাঁরা আটক আছেন, সেগুলোর প্রতিটিতেই পর্যাপ্ত চিকিৎসা সুবিধা রয়েছে।
আইস কর্তৃপক্ষের এই বক্তব্যের বিরোধিতা করেছে অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া সংস্থা ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ (ড্রাম)। নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহদ আহমেদ গণমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, আটক ব্যক্তিদের ভালোভাবে দেখভালের দাবি করলেও কর্তৃপক্ষ ঠিক উল্টো কাজটি করছে। তারা বন্দীদের শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে এবং কয়েকজনকে নির্জন কারা প্রকোষ্ঠে পাঠিয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আমেরিকার একাধিক দেশ থেকে আসা বহিরাগত ব্যক্তিরা যৌথভাবে এই অনশনে যোগ দিয়েছেন।
প্রথম আলোকে এক সাক্ষাৎকারে ড্রামের অন্যতম নির্বাহী ফৌজিয়া খান জানিয়েছেন, যেসব বাংলাদেশি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দেশে ‘রাজনৈতিক নির্যাতন’ এড়াতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, তাঁদের আবেদনের পক্ষে পর্যাপ্ত যুক্তি থাকা সত্ত্বেও তা এককথায় নাকচ করে দেওয়া হয়।
সহায়তায় এগিয়ে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লইয়ার্স গিল্ড মনে করে, নিজ দেশে নিরাপদ নয়—এ কথা ‘বিশ্বাসযোগ্য মাত্রা’য় প্রমাণের পরেও ওই অভিবাসীদের আবেদন গৃহীত না হওয়া মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইনের পরিপন্থী। এই সংগঠনের সহযোগী পরিচালক পারমিতা শাহ প্রথম আলোকে বলেছেন, মুক্তির জন্য আবেদন সত্ত্বেও মার্কিন কর্তৃপক্ষ যে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করেনি, তা অত্যন্ত উদ্বেগজনক।
দুই মাস আগে টেক্সাসের এল পাসোতে একদল বাংলাদেশি নাগরিক অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর অনশন ধর্মঘট শুরু করলে নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগের প্রতিশ্রুতিতে তাঁদের মুক্তি দেওয়া হয়। সে সময় ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এই মুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে অনশনকারীদের মুক্তির ব্যাপারে দূতাবাসের তরফ থেকে এখনো কোনো উদ্যোগ আসেনি। যোগাযোগ করা হলে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে ছিলেন—এ কথা জানিয়ে অনশন বিষয়ে তাঁর অজ্ঞতা প্রকাশ করেন।