মার্কিন দূতাবাসের নতুন ভিসা-সহায়ক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী লোকজনের অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে ভিসা-সহায়ক নতুন কর্মসূচি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। ৬ জানুয়ারি থেকে এ কর্মসূচি চালু হয়েছে।ঢাকার মার্কিন দূতাবাস গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বিদেশ সফরকারীদের পুনরায় কনস্যুলার কর্মকর্তার কাছে সাক্ষাৎকার দিতে হবে না। এই সহায়ক কর্মসূচির লক্ষ্য হলো, নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা ছাড়াই যোগ্য বিদেশযাত্রীদের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ উদ্যোগের আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যেসব যোগ্য বিদেশ সফরকারী তাঁদের পূর্ববর্তী ভিসা আবেদনের সময় সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাঁদের ব্যাপারে তদন্ত করা হয়েছিল, তাঁরা তাঁদের ভিসা আরেকটি সাক্ষাৎকার ছাড়াই নবায়ন করাতে পারবেন। যেসব যোগ্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী তাঁদের পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪৮ মাসের মধ্যে একই শ্রেণীর আওতাভুক্ত ভিসা নবায়ন করতে চান, তাঁদেরকে এই সহায়ক কর্মসূচিটি কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে সেই আবেদনকারীদের সাক্ষাৎকার ছাড়াই ভিসা নবায়ন করার ক্ষমতা দেবে। ঢাকায় পর্যটক (বি২) ও নির্দিষ্ট কিছু ব্যবসায়ী যাত্রীর (বি১) ভিসার মেয়াদ সাক্ষাৎকার ছাড়াই বাড়ানো যাবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কর্মসূচিটি আবেদনকারীদের জন্য সুবিধা বয়ে আনবে, তাঁদের সময় ও অর্থের ব্যয় হ্রাস করবে এবং তাঁদের আবারও যুক্তরাষ্ট্রে যেতে অনুপ্রাণিত করবে। তবে এই সহায়ক কর্মসূচি কোনো আবেদনকারীকে সাক্ষাৎকারে অংশ না নেওয়ার অধিকার বা নিশ্চয়তা দেয় না। এই সহায়ক কর্মসূচি-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ও সায়মন ট্রাভেলসে পাওয়া যাবে।