মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন দূতাবাস ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দূতাবাস ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ প্রসঙ্গে তিনি দূতাবাসের আশপাশের এলাকায়
সম্প্রতি ঘটা বিক্ষোভ-সমাবেশ ও গোলযোগের উল্লেখ করেন। এর প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান মজীনা।
জানা গেছে, মার্কিন দূতাবাসসহ অন্যান্য কূটনৈতিক মিশন ও সেগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
তবে বৈঠকের পর মজীনা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি প্রথম আলোকে ই-মেইলে জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের
কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার মার্কিন দূতাবাস ও এর কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে কথা বলেন মজীনা।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর সংগ্রহের জন্য গত মঙ্গলবার প্রচারমাধ্যমকে মন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছিল, বুধবার দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পরে বৈঠকের
সময়সূচি ও স্থান পরিবর্তন করে বেলা দুইটায় রাষ্ট্রীয় অতিথি ভবনে তা আয়োজন করা হয়। কিন্তু গণমাধ্যমকে তা জানানো হয়নি।