মার্কিন দূতাবাসের প্রস্তাবের নিন্দা সাংস্কৃতিক জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তাদের সঙ্গে সংলাপে বসার যে প্রস্তাব ঢাকায় মার্কিন দূতাবাস দিয়েছে, তার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অবিলম্বে এ ধরনের প্রস্তাবসংবলিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান জোটের নেতারা। জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে জাতি যখন ঐক্যবদ্ধ, মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো যখন অবিচল, ঠিক তখনই দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডব চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্বর আক্রমণের শিকার হয়েও অসীম ধৈর্যের পরিচয় দিচ্ছে। বিবৃতিতে তাঁরা বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল সব মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কিছু রাজাকার, আলবদরের নির্বিঘ্ন স্বচ্ছ বিচারপ্রক্রিয়ায় আস্থাশীল। সেই সময়ে বাংলাদেশে মার্কিন দূতাবাস ’৭১-এর মতো স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদে বিশ্বাসী জামায়াত-শিবিরের পাশে দাঁড়িয়েছে। সংলাপের কথা বলে অতীতের মতো মার্কিন দূতাবাস জামায়াতকে গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের লেবাস পরিয়ে বর্বরতা ও ষড়যন্ত্রের পক্ষে কৌশলী অবস্থান নিয়েছে। বিবৃতিতে লাখো শহীদের অবমাননাকর কোনো কার্যকলাপ বা উক্তি থেকে বিরত থাকার জন্য বিদেশি সব কূটনৈতিকের প্রতি আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা ও অন্যান্য জেলায় সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় মার্কিন দূতাবাস উদ্বিগ্ন। এই সহিংসতার ফলে যারা আহত ও ব্যক্তিগতভাবে সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের প্রতি রয়েছে আমাদের সহমর্মিতা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদে জড়িত হওয়া মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার; সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যেকোনো মতপার্থক্য দূর করার সবচেয়ে ভালো উপায়।’ বিজ্ঞপ্তি।