মার্কিন নাগরিককে অপহরণের অভিযোগে মামলা
রাজধানীর মহাখালী এলাকা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে অপহরণের অভিযোগে কাফরুল থানায় মামলা হয়েছে। ওই ব্যক্তির নাম মফিজুল ইসলাম। গতকাল বুধবার রাতের এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন তাঁর ভাগনে আবুল হোসেন।
মফিজুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন। গত ২২ জানুয়ারি তিনি দেশে এসে বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল রাতে মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী উড়ালসেতুতে মোটরসাইকেল ও একটি সাদা রঙের মাইক্রোবাস দিয়ে মফিজুলের গাড়ির গতিরোধ করেন চার দুর্বৃত্ত। এ সময় গাড়িচালককে মারধর করে জোর করে গাড়ি থেকে নামিয়ে মফিজুলকে নিয়ে যান তাঁরা।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, মফিজুলকে নিয়ে যাওয়ার পর কাফরুল থানায় অভিযোগ করেন তাঁর গাড়িচালক ইমরান আলী। ওই রাতেই অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা করেন মফিজুলের ভাগনে আবুল হোসেন। ঘটনাটির তদন্ত চলছে।