মার্কিন নাগরিকদের ফের সতর্কবার্তা দূতাবাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ভ্রমণ কিংবা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নাগরিকদের লক্ষ্য করে আন্তর্জাতিক হোটেলসহ বড় সমাবেশে ফের সন্ত্রাসী হামলার বিশ্বাসযোগ্য তথ্য থাকায় গতকাল শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা বার্তায় সে দেশের নাগরিকদের এ পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নিরাপত্তা-সংক্রান্ত বার্তাটি গতকাল সন্ধ্যায় হালনাগাদ করা হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, গত ২৮ সেপ্টেম্বর ইতালির এক নাগরিক এবং ৪ অক্টোবর জাপানের এক নাগরিককে হত্যার দায়িত্ব স্বীকার করেছে আইএসআইএল। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের লক্ষ্য করে হামলা হতে পারে। বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা সংস্থাগুলো বাড়তি পদক্ষেপ নিয়েছে। তবে সন্ত্রাসের ঝুঁকি বাস্তব ও বিশ্বাসযোগ্য রয়ে গেছে।
বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকতে বিশেষভাবে উৎসাহিত করছে। বাংলাদেশজুড়ে ভ্রমণের সময় দূতাবাসের কর্মীরা সতর্কতামূলক নিরাপত্তার নিয়ম অনুসরণ করতে থাকবেন। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের জনসমাগমের স্থলে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া তাঁদের পায়ে হেঁটে, মোটরসাইকেলে, সাইকেলে কিংবা কোনো ধরনের খোলামেলা বাহনে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।