মার্কিন ন্যাশনাল আর্কাইভসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ন্যাশনাল আর্কাইভসে
মার্কিন ন্যাশনাল আর্কাইভসে

মতি ভাই (মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো) একদিন আচমকা আমাকে বললেন, ‘অফিসের খরচে তোমাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসে কাজ করবে।’আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম সে দেশের পররাষ্ট্র দপ্তরের অতিথি হয়ে। পেশাদারি কাজ করতে হলে নিজের অফিসের বলটাই বড়। মতি ভাই সেদিনই আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা, অর্থাৎ বিমানের টিকিটসহ সব খরচ দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু আমি এই লোভনীয় প্রস্তাবে তখন রাজি হইনি। এতে তিনি ঈষৎ অবাক হয়েছিলেন বোধ হয়। আমি দীর্ঘ প্রায় দুই বছর সময় নিয়েছিলাম। কারণ, আমি এটা ঠাহর করতে পারছিলাম না, যুক্তরাষ্ট্রে গিয়ে আমি করবটা কী! প্রচুর মালমসলা তো অনলাইনেই মেলে, তাহলে কী কী মেলে না, সেটা তো আগে আঁচ করতে হবে!
তথ্যভান্ডারের বিশালত্ব ভেবে মতি ভাই বলছিলেন, তুমি সেখানে গিয়ে তো হারিয়ে যাবে! বলতে দ্বিধা নেই, এই ভয়ও আমার ছিল। তবে প্রকৃত ভয় ছিল নিজের কাছে ধরা পড়ার। কারণ, অনলাইনে কী মেলে আর আর্কাইভসে কী মেলে, তার সুলুক সন্ধান অফিসের পক্ষে করা দুরূহ। আমারই জানা দরকার, কী এমন নতুন পেলাম, যা অনলাইনে নেই। পাছে না দেখা যায় আমি গিয়ে যা আনলাম, তা অনলাইনেই ছিল। তাহলে তো আর নিজেকে ক্ষমা করতে পারব না। মতি ভাই অগ্রাধিকার ঠিক করে দিয়েছিলেন: কেবল পঁচাত্তরের মধ্যে থাকতে হবে। বাকশাল কী করে হলো সে বিষয়ে মার্কিন নথিপত্রে কী আছে।

শেষ পর্যন্ত একদিন রওনা হলাম মার্কিন যুক্তরাষ্ট্রে। তখন সেখানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। ভেবেছিলাম, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কভারের পাশাপাশি ফাঁকে ফাঁকে ন্যাশনাল আর্কাইভসে তথ্যানুসন্ধান করব। ন্যাশনাল আর্কাইভসে যাওয়ার প্রথম দিনেই আমার অনুভূতি হলো, আমি কোনো আরব্য রজনীর রূপকথার জগতে ঢুকে পড়েছি। রাশি রাশি মণিমুক্তা ছড়িয়ে-ছিটিয়ে আছে। যত খুশি লুটে নাও।

১৯৪৯ সালে মার্কিনরা ঢাকায় কনস্যুলেট খুলেছিল। সেই থেকে আমাদের ইতিহাসের প্রায় প্রতিটি আলোচিত পর্বের ফিরিস্তি সেখানে মজুত। এই অমূল্য তথ্যভান্ডার কোথায় কীভাবে কতটা আছে, তার নির্ঘণ্ট করতেও পিএইচডি ডিগ্রি নিতে পারেন আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ভালো ছাত্র। লাখ লাখ পাতায় স্থির বাংলার ইতিহাস। গিরিশৃঙ্গে মূষিকের অনুপ্রবেশ ঘটেছে। প্রতি পৃষ্ঠা ফটোকপি ২৫ সেন্ট। কিন্তু স্ক্যান করলে, ছবি তুলে নিলে ফ্রি।

আমি প্রমাদ গুনলাম। বারাক ওবামার নির্বাচন কভারে মন দিলে সময় ফুরাবে। তাই কোনোমতো নির্বাচন কভার করেই ঝাঁপিয়ে পড়ি।

আর্কাইভসে বাংলাদেশকে বাংলাদেশে পাচার করতে নিজেকে সজ্জিত করি। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় লাগোয়া ৮৬০১ অ্যাডালফাই রোডের ন্যাশনাল আর্কাইভসে সন্ধ্যা হলে আমার দুটো ভয়: তুষারপাত আর আর্কাইভস স্টেশনের বাস মিস করা। অধিকাংশ দিন বাস মিস করেছি। র‌্যাম্বো টাইপের মুভির হিরো যেভাবে পোশাক-আশাক, গোলাবারুদ আর গায়েগতরে অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে ঠাসা থাকে, প্রতিদিন আমি যেন তেমনটা হয়েই উঠতাম। ঘণ্টার পর ঘণ্টা আমি অবিশ্রান্ত ছবি তুলেছি। স্ক্যান করেছি। প্রায় ৬২ হাজার পৃষ্ঠা ছবি তুলেছি। রিসার্চার গ্রুপ ও আর্কাইভসের কর্মীদের অনেকের নজরেও পড়েছিলাম। সেখানকার গবেষকেরা তাঁদের নির্দিষ্ট গণ্ডিতেই মগ্ন। আমি কী নিয়ে গবেষণা করি, আমার কাছে তার উত্তর ছিল না। চীন ও কোরীয় বন্ধুদের সঙ্গে রসিকতা করেছি। বলেছি, আপাতত পাইকারি তথ্য পাচারকারী পদে স্বনিয়োজিত আছি।

এর মধ্যে ফোন পাই মতি ভাইয়ের। জানতে চান, বান্ধবী জুটিয়ে ফেললাম কি না। তাঁকে বলি, আমি হারিয়ে গেছি বিশালতায়। মুগ্ধতায় ভেসে যাচ্ছি। আমার কাছে আনকোরা সব তথ্য। নিক্সনকে বাংলায় লেখা শেখ মুজিবের চিঠি, পঞ্চাশ ও ষাটের দশকের ঘটনাবলিতে মুজিবের নিজের ও তাঁর প্রতি অন্যের মূল্যায়ন, আগরতলা ষড়যন্ত্র মামলা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরে মুজিবনগর সরকারের ও অভ্যুদয় পর্বের মূল চিঠিপত্র এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধরত বাংলাদেশের কনফেডারেশন গঠন নিয়ে কলকাতায় কিসিঞ্জার-মোশতাক-চাষি গ্রুপের গোপন তৎপরতা—আরও কত কী! মুজিবের ‘ভাগনে’ প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে চিঠি লিখেছেন। মামা মুজিব তাঁকে হত্যা করতে চান। পঁচাত্তরের ১৫ আগস্টের পূর্বক্ষণে লেখা এ-সংক্রান্ত চিঠিপত্র পেয়ে খুবই অবাক হলাম। পেলাম আর্চার ব্লাডের লেখা অনেক বার্তা। সেখানে রবীন্দ্রনাথের মূল্যায়নও আছে। কোনটা ফেলে কোনটা নেব।

মতি ভাইকে দ্বিধা কাটিয়ে বলি, আমাকে আরও এক মাস সময় দিন। এত সহজে মঞ্জুর হবে ভাবিনি। সেটা ফুরালে ‘আরও এক মাস চাই’ না বলে ‘কিছুদিন’ বলেছিলাম। নাকচ হলেও আরও ১০ দিন পার করি।

ডিসেম্বরের প্রথম ১৬ দিনে ১৬টি প্রতিবেদন পাঠাই। এর বেশির ভাগ তথ্যই সম্ভবত প্রথম ছাপা হয়েছে। সিআইএর একটি নথি পেলাম। ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জ্যাক জ্যাকব ১৬ ডিসেম্বর ঢাকায় সামরিক আইন জারি করার পরিকল্পনা করেছিলেন। সিআইএ এবং জ্যাক জ্যাকবকে লিখলাম। সিআইএর যান্ত্রিক উত্তর: বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠানো হয়েছে। জ্যাকব আমাকে লিখলেন একদম ডাহা মিথ্যা। পরে অন্য নথিপত্রে দেখে আমার মনে হলো, সিআইএর ওই তথ্যটি ঠিক ছিল না।

মার্কিন দলিলে ভাষা আন্দোলন প্রসঙ্গ প্রথম আলোয় বের হলো গত ২১ ফেব্রুয়ারিতে। গবেষক আহমদ রফিক বললেন, ‘এটা আমরা প্রথম জানলাম।’

যে তথ্য এনেছি, তা থেকে বাছাই করা কিছু তথ্য নিয়ে প্রথমা প্রকাশন গত ১ আগস্ট প্রকাশ করেছে মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড নামের বইটি। ১৮ দিনেই এক হাজার কপি বিক্রি! তবে একাত্তরের গণহত্যা নিয়ে আমার একটি বইয়ের পরিকল্পনা অনেকটা মাঠে মরল। কারণ, গ্যারি জে বাসের সদ্য প্রকাশিত দ্য ব্লাড টেলিগ্রাম, নিক্সন কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড-এ ব্যবহার করা বহু নথিপত্রের অনুলিপি আমি এনেছিলাম। আরও যা আছে, তা ভালোভাবে প্রকাশ করতে পারাটাই এখন আমার স্বপ্ন। কারণ, এর মাধ্যমে উন্মোচিত হবে বাংলাদেশ-সম্পর্কিত আরেক অধ্যায়।

মিজানুর রহমান খান: যুগ্ম সম্পাদক