মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রচারে সহযোগিতা পাবে দেশ টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সরকারি আন্তর্জাতিক সমপ্রচারমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) সঙ্গে সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি। এই চুক্তির আওতায় দেশ টিভি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ভয়েস অব আমেরিকার সহায়তায় প্রতিবেদন প্রচার করবে। ঢাকার একটি হোটেলে গতকাল মঙ্গলবার এই চুক্তি সই হয়। দেশ টিভির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাংসদ আসাদুজ্জামান নূর ও ভয়েস অব আমেরিকার পক্ষে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং ব্যুরোর গ্লোবাল মার্কেটিং ম্যানেজার নিল লাভন চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত প্রতিবেদন আগামী শুক্রবার থেকে প্রচার শুরু করবে দেশ টিভি। চুক্তি সই অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ঢাকায় মার্কিন দূতাবাসের উপপ্রধান নিকোলাস ডিন, দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করা হয়েছে। এর আওতায় দেশ টিভি বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট মার্কিন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তার সংবাদ বুলেটিনে বিশেষ সাপ্তাহিক রাউন্ড আপ প্রচার করবে। বাংলায় এক মিনিটের এই প্রতিবেদন ওয়াশিংটনে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ তৈরি করবে।ভয়েস অব আমেরিকা ও দেশ টিভির কর্মকর্তারা জানান, এর বাইরে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির কনভেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও প্রতিবেদন প্রচার করা হবে। পরে সপ্তাহে দুবার এমন প্রতিবেদন প্রচার করার সম্ভাবনা রয়েছে। চুক্তি সই হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত মজিনা বলেন, এই সহযোগিতা বাংলাদেশের জনগণকে মার্কিন গণতন্ত্রচর্চা ও নির্বাচনব্যবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে। আসাদুজ্জামান নূর বলেন, এই চুক্তির আওতায় দেশ টিভি কিছু সংবাদ অনুষ্ঠান তৈরি করবে, যেগুলো ভয়েস অব আমেরিকা সমপ্রচার করবে। ওয়াশিংটন থেকে ভয়েস অব আমেরিকার পরিচালক ডেভিড এনসর বলেন, ‘দেশ টিভির সঙ্গে সম্পৃক্ত হতে পেরে ভয়েস অব আমেরিকা আনন্দিত। আমাদের সংবাদ বিভাগ ও দেশ টিভি বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিবেদন করবে।’ বিজ্ঞপ্তি।