ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘আমরা আমাদের (যুক্তরাষ্ট্র) ব্যবসায়ীদের বাংলাদেশে আসতে উদ্বুদ্ধ করছি। তাঁদের এখানকার ব্যবসা চালিয়ে যেতে বলছি। এ ছাড়া মার্কিন দূতাবাসও তাদের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছে।’
গুলশানে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ সতর্কতা জারি করে দেশটির সরকার। মার্কিন রাষ্ট্রদূত বলেন, তবে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের বলেনি যে বাংলাদেশ নিরাপদ না, ভ্রমণ করো না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভ্রমণ সতর্কতা জারি হয়েছে। কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তাঁরা মনে করেন না, বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিলের প্রয়োজন আছে। কারণ, বাংলাদেশ সরকার বিদেশি ব্যবসায়ীসহ অন্যদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দুপুরে বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, ফেরদৌস পারভেজ প্রমুখ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে বৈঠকটি হয়।
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশে নিরাপত্তার বিষয়ে সবাই উদ্বিগ্ন উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, তবে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে কোনো ছাড় না দেওয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতিমধ্যে অনেক উন্নতি হয়েছে। একসঙ্গে কাজ করলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এবং জঙ্গিবাদ নির্মূল হবে। তিনি বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জঙ্গিবাদ দমন নিশ্চিত করার পরামর্শ দেন।
বার্নিকাট বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার পর অনেকে বৈঠক করতে বাংলাদেশের ব্যবসায়ীদের অন্য দেশে ডেকে নিয়ে যাচ্ছেন। এটি খুব স্বাভাবিক ঘটনা। তিনি জঙ্গি হামলার ঘটনা তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে কী হচ্ছে। তদন্তে কী খুঁজে পাওয়া গেল। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে হবে তাদের সামনে।
বাংলাদেশ থেকে গত বছর ৫৪০ কোটি মার্কিন ডলারের পোশাক কিনেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় বাজার। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ থেকে আমরা পোশাক আমদানি বাড়াতে চাই। অন্য খাতের বিনিয়োগেও সহায়তা করতে চাই। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মতো সম্ভাবনাময় ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা আছে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র আরও অনেক ব্যবসার সুযোগ খুঁজে বের করতে চায়, যাতে করে দুই দেশের ভোক্তারা উপকৃত হন।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে বিফ্রিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, কর্মপরিবেশ উন্নয়নে পোশাক কারখানার সংস্কারকাজের অগ্রগতি, সংস্কারকাজের অর্থায়নের জন্য ঋণের সুদ হার কমানো, শ্রমিকদের তথ্যভান্ডার, শ্রমিক অধিকার, কারখানাগুলোতে নিরাপত্তা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে পোশাকশ্রমিকদের তথ্যভান্ডারের কাজ শেষ হয়ে যাবে। তিনি বলেন, সাম্প্রতিক জঙ্গি হামলার পর নিরাপত্তা ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে আরও অনেক কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর একজন সহসভাপতি প্রথম আলোকে বলেন, নিরাপত্তা বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত তাঁদের (ব্যবসায়ীদের) সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রদূত বলেছেন, নতুন করে বাংলাদেশে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটলে শেষ পর্যন্ত ব্যবসার ক্ষতি হবে এবং ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া পোশাক কারখানার শ্রমিকেরা ট্রেড ইউনিয়নের নিবন্ধনপ্রক্রিয়া শেষ করলেও তা শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রদূত। এ বিষয়ে বিজিএমইএকে কাজ করতে অনুরোধ করেছেন তিনি।