মার্কিন ভিসার জন্য জাল কাগজ ব্যবহার না করার পরামর্শ
যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের মার্কিন ভিসা পাওয়ার সময় জাল কাগজপত্র ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দালালের সহায়তা নিলে মার্কিন ভিসা প্রত্যাখ্যাত হয় এবং বাংলাদেশের আইন ভঙ্গের জন্য ভিসার আবেদনকারীকে গ্রেপ্তার করা হয়।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা প্রক্রিয়ার সত্যতা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করে। তাই ভিসা জালিয়াতি-সংক্রান্ত যেকোনো অভিযোগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেয়। ঢাকায় মার্কিন দূতাবাস লক্ষ্য করেছে, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য জাল কাগজপত্রের ব্যবহার মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। আশঙ্কাজনক এই প্রবণতা মোকাবিলা করতে মার্কিন দূতাবাস বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করছে, যাতে করে কাগজ জালিয়াতি করা দালালদের পাশাপাশি যেসব আবেদনকারী ভিসা সাক্ষাৎকারে এসব কাগজপত্র ব্যবহার করে তাদেরও গ্রেপ্তার করতে পারে। কনস্যুলার কর্মকর্তাদের জালিয়াতি চিহ্নিত করার দক্ষতার কারণে এবং মার্কিন দূতাবাস ও বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে এ ব্যাপারে সহযোগিতা আরও দৃঢ় হওয়ার ফলে কাগজপত্র জালিয়াতির জন্য গ্রেপ্তারের হার বাড়ছে।
ভিসা-সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি, মিথ্যা তথ্যের দলিলপত্র রাখা এবং নকল কাগজপত্র তৈরি, বিতরণ ও ব্যবহারের চক্রান্তের সঙ্গে জড়িত থাকা—এসব কিছুই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভিসা আবেদনকারী যখন দালালের সাহায্য নেয়, তখন সাক্ষাৎকারের সময় দেখানো কাগজপত্রের তথ্য, এগুলোর বৈধতার জন্য এবং আবেদনপত্রের জন্য আবেদনকারী এবং দালাল দুজনই দায়ী থাকবে। জাল কাগজপত্রসহ ধরা পড়া কোনো ভিসা আবেদনকারী অজ্ঞতার কারণে এ কাজ করেছে বলে আইনি প্রক্রিয়া থেকে ছাড় পাওয়ার আশা করতে পারে না। মার্কিন কনস্যুলার কর্মকর্তারা অনেক সময়ই বৈধ ভ্রমণকারীদের সাক্ষাৎকার নিয়ে থাকেন, যারা এসব বিবেকহীন দালালদের বিশ্বাস করে সাহায্য নেয় ফলশ্রুতিতে তাদের ভিসাই যে কেবল প্রত্যাখ্যাত হয় তা নয়, পরবর্তী সময়ে বাংলাদেশের আইন ভাঙার জন্যও তাদের গ্রেপ্তার করা হয়। মার্কিন দূতাবাস ভিসা আবেদনকারীদের মনে করিয়ে দিতে চায়, যেকোনো দালালের সাহায্য নিলেই তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না। ভিসা প্রক্রিয়ায় দালালদের কোনো ধরনের প্রভাব নেই। ভিসা-সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য বাংলা ও ইংরেজিতে পাওয়া যাবে এ ওয়েবসাইটে <http://www.ustraveldocs.com/bd>