মার্কিন ভিসার সাক্ষাৎকার ঠিক হবে অনলাইনে
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিরা এখন থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। ১৪ সেপ্টেম্বর থেকে নতুন এ নিয়ম চালু হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশেল বন্ড গতকাল সোমবার রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন মার্কিন ভিসাপ্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকে জানাতে মার্কিন দূতাবাস আমেরিকান সেন্টারে এ ব্রিফিংয়ের আয়োজন করে।
মার্কিন নন-ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার, ভিসা ফি সংগ্রহ ও ভিসা নেওয়া সহজতর করতে নতুন এ প্রক্রিয়াটি চালু হচ্ছে।
মিশেল বন্ড জানান, আগে মার্কিন ভিসার ভিসা সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণের জন্য ঢাকায় শুধু একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে যেতে হতো। এ ধরনের অসুবিধা দূর করে মার্কিন ভিসাপ্রক্রিয়াকে সহজতর করতে নতুন এ পদ্ধতিটি চালু হচ্ছে। ১৪ সেপ্টেম্বর রোববার থেকে বাংলাদেশের নাগরিকেরা অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণের পর অনলাইনেই তাঁদের ভিসা সাক্ষাৎকারের সময়সূিচ নির্ধারণ করতে পারবেন। এইচএসবিসি ব্যাংকের নির্ধারিত শাখায় তাঁরা তাঁদের ফি জমা দিতে পারবেন।
এক প্রশ্নের উত্তরে জ্যেষ্ঠ এ মার্কিন কর্মকর্তা বলেন, নতুন নিয়ম অনুযায়ী আগ্রহী ভিসাপ্রার্থী মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদনের জন্য পছন্দসই তারিখ নির্ধারণের সুযোগ পাবেন। এ ব্যাপারে কোনো অস্পষ্টতা থাকলে সে ব্যাপারে নতুন কল সেন্টারে ফোন করে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে পাঁচ দিন সকাল আটটা-রাত আটটা পর্যন্ত কল সেন্টারে সহায়তা পাওয়া যাবে।
মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা নতুন এবং আরও সহজ ওয়েবসাইট www.USTravelDocs.com/bd এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নন-ইমিগ্র্যান্ট ভিসা পাওয়া লোকজনের হার ২০১৩ সালে আগের বছরের তুলনায় তিন গুণ বেড়েছে বলে জানান মিশেল বন্ড। তিনি জানান, গত বছর যুক্তরাষ্ট্রে নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য ঢাকায় মার্কিন দূতাবাসে ৭০ হাজারের বেশি আবেদন করেছিলেন। এর মধ্যে ভিসা পেয়েছেন ৩০ হাজারের বেিশ আবেদনকারী।