ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকারের অব্যাহতি দেওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের বক্তব্য ‘বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য তীব্র অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন দেশের ৫৮ জন বিশিষ্ট নাগরিক।গতকাল রোববার এক যুক্ত বিবৃতিতে ওই নাগরিকেরা এই প্রতিক্রিয়া জানান। তাঁরা বলেন, বাংলাদেশে বেসরকারি উদ্যোগ ও নেতৃত্বে পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের অংশীদারিমূলক কোনো বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেওয়া ‘কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ ভূমিকা ও সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নানা ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য এ দেশের জন্য মর্যাদাহানিকর। এসব বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য অশ্রদ্ধা ও অবজ্ঞা প্রদর্শনের শামিল। বিশিষ্টজনেরা আরও বলেন, ড. ইউনূসের পেশাগত অঙ্গনে সৃষ্ট জটিলতা ও ক্ষুদ্রঋণ বিতর্ক এ দেশের অভ্যন্তরীণ বিষয়। দূরদর্শিতার সঙ্গে অভ্যন্তরীণভাবেই এ জটিলতার সমাধান করতে হবে।বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন: ফয়েজ আহমেদ, কে এম সাদউদ্দিন, আনোয়ার হোসেন, নির্মলেন্দু গুণ, ফজলে হোসেন বাদশা, ফরিদ উদ্দিন আহমেদ, সহীদ আখতার হুসাইন, মতলুব আলী, আ ব ম ফারুক, আবু সারা শামসুর রউফ, এম এম আকাশ, ডালেম চন্দ্র বর্মণ প্রমুখ। বিজ্ঞপ্তি।