মার্কিন মানবাধিকার প্রতিবেদন একপেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা বার্ষিক মানবাধিকার প্রতিবেদনকে একপেশে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মনে করছেন, প্রতিবেদনে যেসব বিষয় চিহ্নিত করা হয়েছে, সেগুলো ঠিকই আছে। সরকারের এসব বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। আবার আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জন, সেগুলোও প্রতিবেদনে আসা দরকার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেই চলেছে। কিন্তু এগুলো থামাতে সরকারের চেষ্টা খুবই সীমিত। দায়মুক্তভাবে এগুলো চলতে থাকায় সরকারি কর্মকর্তাসহ কিছু ব্যক্তিই যে শুধু মানবাধিকার লঙ্ঘন করছেন তা নয়, ভুক্তভোগী অনেকেই আর বিচার চাইতেও যাচ্ছেন না। প্রতিবেদনে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন, বিএনপির বর্জন ও অধিকাংশ আসনে আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, অধিকাংশ আন্তর্জাতিক পর্যবেক্ষক বলেছেন, ওই নির্বাচন ঠিক আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি।
প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সরকার কোনো গণমাধ্যমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খবর প্রচারে বাধা দেয়নি। সরকারের টেলিভিশন বিটিভি হয়তো বিরোধীদের খবর প্রচার করে না, কিন্তু বেসরকারি টেলিভিশন চ্যানেল ও মুদ্রিত মাধ্যম স্বাধীনভাবে খবর প্রচার করছে। সরকার কোনো গণমাধ্যমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়নি।
দুটি সংবাদপত্রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে হাসানুল হক ইনু বলেন, কোনো অফিসে ঢুকতে পারল কি পারল না, এটা বড় বিষয় নয়। সব গণমাধ্যমের মতো প্রথম আলো ও ডেইলি স্টার-এ মন্ত্রী, সাংসদ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্বলতা, ত্রুটি-বিচ্যুতি, দুর্নীতির খবর অহরহ প্রচারিত হচ্ছে। গুম-খুন নিয়েও বিনা বাধায় সংবাদ প্রকাশিত হয়েছে। কেউ তো কোনো বাধা দেয়নি।
প্রতিবেদনের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মহাবিপদ সশস্ত্র জঙ্গিবাদ ও আগুন-সন্ত্রাস। আর দুর্নীতি ও অন্য সমস্যাগুলো গণতন্ত্রের আপদ। অথচ মার্কিন প্রতিবেদনে বিপদের চেয়ে আপদকে বড় করে দেখানো হয়েছে। তারা খালেদা জিয়া ও তাঁর লোকজনের সন্ত্রাসকে ছোট করে দেখেছে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মার্কিন প্রতিবেদনে যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো নতুন কোনো বিষয় নয়। মানবাধিকার কমিশনও এগুলোকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। এটা সত্য এবং দ্বিমত করার সুযোগ নেই যে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা বিচার পান না বলে আদালতমুখী হতে চান না। এটা একটা জটিল সমস্যা। সরকারকে এ বিষয়ে মনোযোগ দিতেই হবে।