মার্কিন মানবাধিকার প্রতিবেদনে দুর্বলতা রয়েছে: দীপু মনি
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে দুর্বলতা রয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সদ্য প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে গতকাল সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন মানবাধিকার প্রতিবেদনটিতে গবেষণা ও সূত্রের অপর্যাপ্ততা রয়েছে। আর অসমর্থিত সূত্রের কারণে প্রতিবেদনটি দুর্বল বলে মনে হয়েছে।’ তিনি বলেন, বাংলাদেশ সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী। তাই যেকোনো গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দিয়ে নিজেদের কোনো ভুল থাকলে তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।মার্কিন মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশে র্যাব হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসহ নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার ওয়াশিংটনে এ প্রতিবেদন প্রকাশ করেন। এতে ১৯০টির বেশি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।