মার্কিন রণতরীর কপ্টার দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশি নৌ সেনারা
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হচ্ছে বহুমুখী কাজে ব্যবহার উপযোগী একটি মেরিটাইম হেলিকপ্টার। আগামী বছরের জুনের মধ্যে আসবে আরও একটি। এত দিন বাংলাদেশ নৌবাহিনীর বহরে কোনো হেলিকপ্টার ছিল না। নৌবাহিনী সূত্রে জানা গেছে, এ দুটি হেলিকপ্টার নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুতে পর্যায়ক্রমে অবস্থান করে বাংলাদেশি সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, চোরাচালান ও দস্যুতা নিরোধ এবং প্রয়োজনীয় উদ্ধার ও অনুসন্ধান কাজ চালাবে। এতে নৌবাহিনীর দক্ষতাও বাড়বে।জানা গেছে, এ দুই হেলিকপ্টার পরিচালনার উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ শুরু করেছে নৌবাহিনী। চট্টগ্রামে শুভেচ্ছা সফরে আসা মার্কিন নৌবাহিনীর রণতরী (ফ্রিগেট) ‘ইউএসএস ইনগ্রাহামে’ থাকা দুটি হেলিকপ্টার পরিচালনার কৌশল রপ্ত করার মাধ্যমে দেশীয় নৌ সেনাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মার্কিন এ রণতরী এখন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে অবস্থান করছে।ঢাকার মার্কিন দূতাবাসের আমন্ত্রণে গতকাল দুপুরে একদল সাংবাদিক ওই রণতরী পরিদর্শনে যায়। ‘ইউএসএস ইনগ্রাহাম’-এর অধিনায়ক কমোডর এডাম জে ওয়েলটার সাংবাদিকদের জানান, ‘বাংলাদেশি নৌ সেনাদের দক্ষতা বাড়াতে আমরা কাজ করছি।’ গতকাল এ রণতরী পরিদর্শনে গিয়ে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক কমোডর নিজাম উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদকে রক্ষার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এ জন্য দুটি হেলিকপ্টার কেনা হয়েছে এবং যুক্তরাজ্য থেকে আরও দুটি যুদ্ধজাহাজ আনা হচ্ছে। ভারত, মিয়ানমারসহ প্রতিবেশী আরও দেশ এ সহযোগিতা দিতে চাইলে আমরা নেব।’জানা গেছে, ‘ইউএসএস ইনগ্রাহাম’ বাহরাইন থেকে গত সোমবার বাংলাদেশে আসে। কাল বৃহস্পতিবার এটি বাংলাদেশ জলসীমা ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করার কথা। যাত্রাপথে এটি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে।