মার্কিন রাষ্ট্রদূত ও অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা বাম মোর্চার
হরতাল নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তাঁর তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। গতকাল রাজধানীর হাতিরপুলে মোর্চা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় বাম নেতারা বলেন, জনগণের রাজনৈতিক আন্দোলন বিষয়ে রাষ্ট্রদূতের বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। ড্যান মজীনা যেভাবে বক্তব্য দিচ্ছেন, তা কূটনৈতিক শিষ্টাচারবিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের লঙ্ঘন। গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ‘আমি হরতাল ঘৃণা করি’ বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। সেদিনই সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তেলের দাম বাড়ানোর জন্য হরতাল ডাকাকে ‘উন্মাদের সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন। বাম মোর্চার সভায় অর্থমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে বলা হয়, দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুতের লুটপাটকে আড়াল করতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর পক্ষে তিনি ওকালতি করে যাচ্ছেন। বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। বিজ্ঞপ্তি।