মার্কিন রাষ্ট্রদূত মজীনা চট্টগ্রাম বন্দর এখন সুশৃঙ্খলভাবে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে যেসব সমস্যা ছিল সব মিটে গেছে। এখন আর কোনো ধরনের সমস্যা নেই। চট্টগ্রাম বন্দর এখন সুশৃঙ্খলভাবে চলছে। এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি।মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল রোববার সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল (সিইপিজেড) পরিদর্শনে এসে এসব কথা বলেন। রাষ্ট্রদূত সিইপিজেডের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময়ে রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর স্ত্রী গ্রেস মজীনা, সিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুর রশীদসহ সিইপিজেড ও দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা ছিলেন।রাষ্ট্রদূত বলেন, ‘আজ সকালে চট্টগ্রাম বন্দর এলাকা ঘুরে এসেছি। কয়েক বছর আগে আমি এখানে এসে যেসব অব্যবস্থাপনা দেখেছি, এবারে এসে দেখলাম সব সমস্যার সমাধান হয়ে গেছে। বন্দর এখন অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। একদিন এ বন্দর আমদানি-রপ্তানি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করবে—এটা আমার দৃঢ়বিশ্বাস।’এ ছাড়া একই দিনে তিনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডও ঘুরে আসেন বলে জানান। এ দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এ প্রতিষ্ঠানটির ব্যাপক অবদান রয়েছে বলে মনে করেন রাষ্ট্রদূত। পরে তিনি সিইপিজেড এলাকায় মামিয়া-অপি ও প্রিমিয়ার ১৮৮ লিমিটেড পরিদর্শন করেন।